চঁাদাবাজির কারণে দুই মাস ধরে মাছ ধরতে পারছেন না নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পাঁচ গ্রামের জেলেরা৷ অন্যদিকে একই গ্রামগুলোর ফসলি জমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা৷
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার ও গতকাল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক স্মারকলিপি দিয়েছেন পাঁচটি গ্রামের বাসিন্দারা৷ মঙ্গলবার নুনেরটেক গ্রামে মেঘনা নদীর তীরে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা৷
পাঁচটি গ্রাম হলো উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা তীরবর্তী নুনেরটেক, রগুনারচর, টেকপাড়া, চুয়াডাঙ্গা ও গুচ্ছগ্রাম৷
নুনেরটেকের জেলে আবদুর রহমান, জালাল উদ্দিন ও হোসেন মিয়া জানান, বাপ-দাদার মতো তাঁরাও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন৷ কিন্তু দুই মাস ধরে তাঁদের গ্রামের আওয়ামী লীগ-সমর্থক প্রভাবশালী আবদুল আউয়াল, রহিম মিয়া ও ওসমান গণির নেতৃত্বে সন্ত্রাসীরা জেলেদের কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে৷ নইলে নদীতে মাছ ধরতে দেওয়া হবে না বলে হুমকি দেয়৷ চাঁদা না দেওয়ায় ইতিমধ্যে সন্ত্রাসীরা অনেক জেলেকে পিটিয়ে আহত করেছে৷ নদীতে আগের মতো মাছ না পাওয়া যাওয়ায় বেশির ভাগ জেলে চাঁদার বিনিময়ে মাছ ধরা বন্ধ করে দেন৷ যঁারা চঁাদা দিচ্ছেন, কেবল তঁারাই নদীতে মাছ ধরছেন৷
জেলেরা জানান, দুই মাস ধরে মাছ ধরতে না পারায় পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন৷
জেলেদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল আউয়াল ও ওসমান গণি দাবি করেন, জেলেদের কাছ থেকে তাঁরা কোনো চাঁদা চাননি৷ জেলেরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন৷
চুয়াডাঙ্গা গ্রামের কৃষক নান্নু মিয়া, শুক্কুর আলী ও আবুল হোসেন জানান, কয়েক মাস ধরে কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের যুবলীগের কর্মী জাকির হোসেনের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নুনেরটেক, টেকপাড়া, রগুনারচর, গুচ্ছগ্রাম ও তাঁদের গ্রামের ফসলি জমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছেন৷ ইতিমধ্যে তাঁরা প্রায় ১৭০ বিঘা জমির মাটি কেটে নিয়ে গেছেন৷ বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি৷ অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় ইতিমধ্যে যুবলীগের কর্মীরা গ্রামগুলোর কৃষক ও ভূমিহীনদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা করেছেন৷ হামলা-মামলার ভয়ে অনেক কৃষক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন৷
অভিযোগের ব্যাপারে যুবলীগের কর্মী জাকির হোসেন বলেন, ‘গ্রামের কৃষকদের কিছু জমির মাটি হয়তো ভুলক্রমে কাটা হয়েছে৷ আর যাতে না কাটা হয়, আমরা শ্রমিকদের নির্দেশ দিয়েছি৷’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম জানান, ‘সন্ত্রাসীরা যেভাবে নদীতীরের মাটি কেটে নিয়ে যাচ্ছে এভাবে মাটিকাটা অব্যাহত থাকলে এ বছরের মধ্যে পাঁচটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে৷ প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গ্রামবাসীদের নিয়ে আমি কঠোর আন্দোলনে যাব৷’
ইউএনও মাহমুদ হাসান জানান, ‘মাটি কাটা সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে আমরা পুলিশ নিয়ে অভিযান চালিয়েছি৷ আর জেলেদের অভিযোগের তদন্ত করা হবে৷ কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে৷’