বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নেচার কনজারভেশন কমিটির নেতারা গতকাল শুক্রবার সকালে মেঘনা নদীতে বাঁশ পুঁতে ও বালু ফেলে দখল করা স্থান পরিদর্শন করছেন। তাঁরা নদী দখলের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে ওই স্থানে মানববন্ধন করেন।মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীও যোগ দেয়। পরিবেশ আন্দোলনের নেতারা দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকায় বাঁশ পুঁতে ও বালু ফেলে মেরিটিমাস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান জাহাজনির্মাণ কারখানার নাম করে দখল করে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনসহ সবার দৃষ্টিতে আসে।এদিকে পরিবেশ অধিদপ্তর তিন দিনের মধ্যে মেঘনা নদীগর্ভে পোঁতা বাঁশ, ড্রেজারসহ সব সরঞ্জাম সরানো এবং নদীর ভরাট করা স্থানের মাটি সরিতে নিতে মেরিটিমাসকে নির্দেশ দিলেও গতকাল প্রথম দিনে কোনো কিছু সরানো হয়নি। গত বৃহস্পতিবার মেরিটিমাসের তিন কর্মকর্তাকে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ডেকে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং সরানোর ওই নির্দেশ দেওয়া হয়।বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, ‘মেঘনার এই দখল এক দিনে গড়ে ওঠেনি। এক থেকে দেড় বছর লেগেছে। প্রশাসনের নাকের ডগায় এমন দখল-প্রক্রিয়া কীভাবে গড়ে উঠল? এর সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জড়িত।’ যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি করেন আবদুল মতিন।নেচার কনজারভেশন কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার বলেন, ‘দেশে যত দখল-প্রক্রিয়া দেখেছি, মেঘনায় এই দখল সব দখলকে ছাড়িয়ে গেছে।’মানববন্ধন ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আরও ছিলেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, মিহির বিশ্বাস ও জাকির হোসাইন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাপার মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মুজিবুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, কবি ও শিশুসাহিত্যিক রহিম শাহ প্রমুখ।তদন্ত প্রতিবেদন প্রদান: মেঘনায় দখলের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম একটি তদন্ত প্রতিবেদন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। ওই প্রতিবেদনে দখল-কাজে ব্যবহূত বাঁশ উচ্ছেদ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বক্তব্য: মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রশাসনের নির্লিপ্ত থাকার বিষয়ে বলেন, ‘দখলের বিষয়টি আমরা জানতাম না। আমাদের বিরুদ্ধে নির্লিপ্ততার কথা বলা ঠিক হচ্ছে না।’ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, ‘আমরা কাজ বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। এখন তাঁদের বাঁশসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার নোটিশ দেব। যদি তাঁরা না সরিয়ে নেন, তাহলে উচ্ছেদ করা হবে।’প্রশাসনের নির্লিপ্ত থাকা প্রসঙ্গে সামছুর বলেন, ‘এখন এমন অভিযোগ আসতেই পারে। আমিও এর সঙ্গে একমত। আসলে জায়গাটা দুই জেলায় পড়েছে। দখলের বিষয়টি আমি জানতাম না। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একবারও দখলের বিষয়টি জানাননি। তাঁরা কেন জানাননি, এটা খোঁজ করে দেখা যেতে পারে।’