মেঘনার পাড়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরসহ চারটি ইউনিয়ন রক্ষা বাঁধের গায়ে ব্লক নির্মাণ ও নিয়মিত ব্লক রক্ষণাবেক্ষণের দাবিতে গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ তুলাতুলী মেঘনা পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। ভোলা নাগরিক কমিটির আহ্বানে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, ভোলা ইন্টারভিলেজ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আক্তার হোসেন, ভোলা আবৃত্তি সংসদের মশিউর রহমান, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ভোলা এখন অভিভাবকশূন্য। কেউ ভোলার দুর্দশা নিয়ে ভাবছে না। তাই সাধারণ মানুষের আন্দোলনে নামতে হচ্ছে। ১৯৯২-৯৩ অর্থবছরে ভোলা শহর রক্ষায় প্রথম পর্যায় প্রায় ১৩০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে ২৮ মিটার চওড়া ব্লকবাঁধ নির্মাণ করা হয়। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, গত চার দিনে ব্যাপক হারে ব্লক মেঘনায় বিলীন হওয়ায় এখন মাত্র চার-পাঁচ মিটার ব্লক বাকি আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, চার দিনে প্রায় ২০ হাজার বর্গমিটার ব্লক মেঘনায় বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফজলে ইলাহী প্রথম আলোকে বলেন, হঠাৎ করে বাঁধের নিকটাংশে বিশাল ঘোল সৃষ্টি হওয়ায় ব্লকবাঁধ বিলীন হচ্ছে। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ব্লকবাঁধ ধসে যাওয়া বন্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।