মেঘনার পেটে ৪০ বসতভিটা ঘর সরাতে দিতে হচ্ছে চাঁদা!
মেঘনা নদীতে গত এক দিনের ভাঙনে ভোলা সদর উপজেলার গণেশপুর আশ্রয়ণের ১০০টির মধ্যে ৪০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। এসব পরিবার তাদের মালামাল ও ঘর সরিয়ে নিচ্ছে। ঘর সরানোকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঁদাবাজি।ভুক্তভোগীদের অভিযোগ, কালাম ফরাজীসহ স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তি ঘরপ্রতি ৩০০ টাকা করে চাঁদা নিচ্ছেন। এ পর্যন্ত ওই ৪০টিসহ ১০০টি পরিবার ওই প্রভাবশালীদের ৩০০ টাকা করে চাঁদা দিয়েছেন। বিষয়টি ভাঙনকবলিত পরিবারগুলোর জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়েছে। একদিকে ভাঙনে তারা নিঃস্ব হয়ে পড়েছে, অন্যদিকে ঘর সরানোর জন্য তাদের দিতে হচ্ছে চাঁদা।স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের মেঘনার মাঝে অবস্থিত দুর্গম চর গণেশপুর। মেঘনায় ভাঙনকবলিত ১০০টি পরিবারের পুনর্বাসনের জন্য সরকার ২০০০-০১ অর্থবছরে এ চরে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে। এখানে প্রত্যেক পরিবারকে একটি ঘরসহ দুই শতাংশ জমি দেওয়া হয়েছিল। তারা অন্যের জমি বর্গাচাষ করে জীবিকা নির্বাহ করত।আশ্রয়ণের বাসিন্দারা জানান, গত শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত পূর্ব ও উত্তর দিকের ব্যারাকের ৪০টি পরিবারের বসতভিটা মেঘনা নিয়ে গেছে। আলমগীর মাঝি, বেলায়েত ফরাজী, বাবুল ফরাজী, নাছির হাজি, সেলিম পাটওয়ারী, খালেক মালতিয়া, আবদুর রশিদ হাওলাদার, আফলাল বেপারী, শাহাবুদ্দিন ফরাজী, সাদেক সৈয়াল, তহমিনা, আবু হানিফ, আবু মাঝি, সালাউদ্দিন, মুনসুর ফরাজী, জহিরুল ইসলাম, কামাল মাঝি প্রমুখ এসব পরিবারের প্রধান ছিলেন। বাকি ৬০টি পরিবার তাদের বসতভিটা নদীতে চলে যেতে পারে—এ আশঙ্কায় ঘর সরিয়ে নিতে টাকা দিয়েছেন।রোববার সরেজমিনে দেখা গেছে, ভাঙনকবলিত পরিবারগুলোর সদস্যরা তাদের ঘর ও মালামাল নিয়ে বেড়িবাঁধ ও অন্যের জমিতে আশ্রয় নিচ্ছে। এদের মধ্যে তিনটি পরিবার নদীর ওপারে সদর উপজেলার দক্ষিণ রাজাপুরে জাফর নামের এক ব্যক্তির জমি ভাড়া করে সেখানে ঘর তুলেছে।ভাঙনে বসতভিটা হারানো আশ্রয়ণের বাসিন্দা রতন জমাদ্দারও ঘর সরিয়ে নেওয়ার জন্য টাকা দিয়েছেন। তিনি বলেন, ‘একসুম আমগো রাজাপুর বঙ্গের চরে ১০ কানি সয়সম্পত্তি আছিল। মেঘনা আমগোরে হুদা করছে। সরকার আমগোরে গণেশপুর আশ্রয় দিছে। কিন্তুক এই কালাম ফরাজী বিএনপির সুম বিএমপি, আওয়ামী লীগের সুম আমলীগ কইর্যা আমগো উপর চান্দাবাজি-জুলুম চালাইছে। শ্যাষ সময়ও আমগোরে ছাড়ে নয়।’কালাম ফরাজী দাবি করেন, তিনি আশ্রয়ণের পরিবারগুলোর কাছ থেকে কোনো চাঁদাবাজি করেননি। যেহেতু আশ্রয়ণের ঘরগুলো সরকারি, এ জন্য কাগজপত্র তৈরি, অফিস ও অফিসারের খরচ বাবদ সবার সম্মতিতে ২০০ টাকা করে নিয়েছেন।ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, ‘আপাতত আমাদের জমি না থাকায় আশ্রয়ণের ঘরমালিকদের নির্ধারিত কোনো স্থানে সরিয়ে নেওয়া যাচ্ছে না। এ জন্য প্রকল্প কর্মকর্তা, ভূমি কর্মকর্তা ও চেয়ারম্যানের সহযোগিতায় লিখিতভাবে ঘরমালিকদের জিম্মায় ঘরগুলো দেওয়া হচ্ছে। যখন জমি অধিগ্রহণ করা হবে, তখন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সেখানে জমি দেওয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো ঘরমালিকের কাছ থেকে কেউ টাকা নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’