মেঘনার প্রবেশমুখ বন্ধ করে সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার প্রবেশমুখ বন্ধ করে কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে সেতু নির্মাণ করায় শহরের ভেতর দিয়ে প্রবাহিত প্রধান বিলটি এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। এতে শুষ্ক মৌসুমে জলাশয়টি শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভৈরব বাজার মালগুদাম এলাকা থেকে শুরু হয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এ বিলটি। এর পূর্ব পাশে আছে চণ্ডিবের, দড়ি চণ্ডিবের, মধ্যেরচর ও টান কৃষ্ণনগর গ্রাম। আর পশ্চিমে ভৈরবপুর, গাছতলাঘাট, শম্ভুপুর, ভাটি কৃষ্ণনগর ও জামালপুর গ্রাম। দুই পাশে অন্তত ৭০ হাজার মানুষের বসতি। একসময় সেচ, পণ্য পরিবহন ও মাছের চাহিদা মেটাতে বিলটির বড় ভূমিকা ছিল। নগরায়ণ হওয়ার পর নর্দমার পানিনিষ্কাশনেও বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিলটি।
গত ৩১ মার্চ সরেজমিনে দেখা যায়, কাজের সুবিধার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান খননযন্ত্র দিয়ে বালু তুলে মালগুদাম এলাকা থেকে মনামারা সেতু পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ভরাট করে ফেলেছে। এতে বিলটি মেঘনা থেকে বিচ্ছিন্ন হয়ে জলাশয়ে পরিণত হয়েছে।
মালগুদাম এলাকার কয়েকজন বলেন, মালগুদাম এলাকাটিতে ব্রিটিশ আমল থেকে পণ্যবাহী নৌযান নোঙর করে আসছে। নদীভাঙনের হাত থেকে রক্ষায় পাঁচ বছর আগে পানিসম্পদ মন্ত্রণালয় ওই স্থানটি জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ প্রকল্পের আওতাভুক্ত করে। কিন্তু এখন ভরাট হয়ে যাওয়ায় নৌযান নোঙরসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা।
পৌর মেয়র মো. শাহিন বলেন, জলাশয়টি শুকিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তবে লিখিতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এখনো অবহিত করেননি। দ্রুত তিনি বিষয়টি জানাবেন বলে জানান।
সেতু নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেডের এজিএম (মেকানিক্যাল) সিরাজুল হক বলেন, বিকল্প পথে মেঘনার সঙ্গে জলাশয়টির সংযোগ ঘটানোর পরিকল্পনা আছে। তবে এর চেয়ে বেশি মন্তব্য করতে তিনি রাজি হননি।
এর আগেও বিলটি বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। ৩০ বছর আগে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব অংশ বিলটির ওপর নির্মাণ করা হয়। সেই সময় পানিপ্রবাহের জন্য ছোট আকারে দুটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়। এরপর ভূমিদস্যুরা কয়েক বছরের ব্যবধানে ভৈরবপুর, চণ্ডিবের, গাছতলাঘাট এলাকার বেশির ভাগ অংশ ভরাট করে ফেলে।
সর্বশেষ ভরাট হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে। ঢাকা-চট্টগ্রাম রেলপথ দ্বৈত লাইন করার পরিকল্পনার অংশ হিসেবে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতু নির্মাণ হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, বিকল্প পথে নালার মাধ্যমে মেঘনার সঙ্গে যোগসূত্র স্থাপন করা হবে। তবে নালা বানানো যথেষ্ট কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।