মেঘনার বালুমহালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল মঙ্গলবার মেঘনা নদীর দুই বালুমহালের ইজারাদারের লোকজনের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলায় মেঘনা নদীর ছোট দেওভোগ ও চর রমজান সোনাউল্লা বালুমহাল ইজারা নিয়ে দুটি পক্ষ মেঘনা নদী থেকে বালু তুলে আসছে।ছোট দেওভোগ বালুমহালের ইজারাদারের লোকজনের অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে চর রমজান সোনাউল্লাহ বালুমহালের লোকজন সীমানা অতিক্রম করে তাদের বালুমহালে এসে বালু তুলছে। কিন্তু চর রমজান সোনাউল্লাহ বালুমহালের ইজারাদারের দাবি, তাঁর লোকজন তাঁর সীমানার মধ্যেই বালু তুলছে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মিলন, হোসেন, আল-আমিন, লিয়ন, জসিম, মিন্টু, শোভন শিল, সুমন, মিন্টু, মাসুমসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়।চর রমজান সোনাউল্লাহ বালুমহালের ইজারাদার আবু নাঈম ইকবালের দাবি, ছোট দেওভোগ বালুমহালের ইজারাদারের লোকজন তাঁদের বালুমহালে এসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, বালুমহালে সংঘর্ষের ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।