মেঘনার বুকে চলমান বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চে ঢুকেই চানাচুর বিক্রেতার মজমায় কান আটকে গেল। ‘এই গেল গেল গেল, গরম চানাচুর। এরপর রাগ করি মোবাইল ফোন আছাড়ি ভাঙ্গি ফালাইলেও আমারে আর পাইবেন না।’
‘রাগে চুল ছেঁড়া’র জায়গায় স্থান পেয়েছে মোবাইল ভাঙা। অনন্য সৃজনশীলতা। বাঙালি জাতির ষষ্ঠ ইন্দ্রিয় এখন মোবাইল। আর ‘গেল গেল’ রব তোলার সার্থক প্রয়োগ ঘটিয়ে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে সে নেমেও গেল। অসাধারণ!
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট থেকে এই লঞ্চ যাবে ভোলায়, ইলিশা ঘাটে। সম্ভাব্য সময় দুই ঘণ্টা। লঞ্চ ছেড়ে দিয়েছে। দোতলার শ দেড়েক সিট পুরোপুরি যাত্রীপূর্ণ। অন্য তিনজন কিশোর হকার এ যাত্রায় যাত্রীদের সঙ্গী। শুদ্ধ উচ্চারণে ‘পপকর্ন’ বলে হাঁক দিচ্ছে পটুয়াখালীর কিশোর মহসিন। ডিম-পাউরুটি আর ভাত খাওয়ার নিমন্ত্রণ নিয়ে ঘুরছেন আরও দুজন। এঁরা সবাই আসলে লঞ্চের দোকানের কর্মচারী।
যাত্রীদের মাঝখানের সারি থেকে ‘তুই কী দেখাবি’ বলে হঠাৎ সোয়েটারের হাতা গুটিয়ে এক যুবক আরেক যুবকের দিকে তেড়েফুঁড়ে আসছেন। দ্রুতই একাধিক মধ্যস্থতাকারী মাঝখানে দাঁড়িয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার স্বেচ্ছাশ্রমে নিয়োজিত হলেন। যাক বাঁচা গেল।
ঘটনা ছোট, তবে মর্ম বড়। জানালার পাশে বসা যুবক আয়েশ করে সিগারেট খাচ্ছেন। পেছনের সিটের নারীদের অসুবিধার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আরেক যুবক তাঁকে সিগারেট খেতে মানা করেছেন। জবাব এসেছে, ‘আরও কিছু খাব, তোর কী?’ তাঁর সঙ্গীসাথি আছেন পাঁচজন। প্রতিবাদী যুবক একা। কিন্তু ‘ভোলার পোলার’ যাবতীয় শৌর্য তাঁর চোখমুখ ঠিকরে বেরোচ্ছে। পাপ-পুণ্যের বিচার হাতেনাতে করতে প্রস্তুত। ইতিমধ্যে মনুষ্য বাধা পেরিয়ে সিগারেটখোর গ্রুপের একজনের থাবা প্রতিবাদকারীর জামার কলারের কাছে চলে এসেছে। তখনই হয়তো ‘ঘাটে নামলে দেখে নেওয়ার’ হুমকি অনিবার্য হয়ে উঠেছে!
হকার মহসিন আবার হাঁক ছাড়ল। এবার আর পপকর্ন নয়। তার গলা বেয়ে ঝুলে আছে বিভিন্ন কোম্পানির চানাচুর, চিপস ইত্যাদির প্যাকেট। কত টাকা বিক্রি হলো—পাশের যাত্রীর কৌতূহলী প্রশ্নের জবাব এল, ‘চাইর আনাও না।’ নির্বিকার কিন্তু বিরক্ত মহসিনের আচরণ বলছে, এই পরিবেশে কি আর ব্যবসা হয়! ব্যবসার জন্য সুস্থ পরিবেশ দরকার।
মেঘনার মোহনা দর্শনের জন্য কয়েকজন যাত্রী একে একে সামনের ডেকে গিয়ে দাঁড়ালেন। ঠান্ডা বাতাস। লঞ্চ মেঘনা নদীতে ঢোকার মুখে দূরে হাতের বাঁয়ে নদীর পাড় ভাঙার চিহ্ন দেখা গেল। বোঝা গেল ভাঙনে এখানে বসতি বিলীন হয়েছে। তার একটু সামনে বিচ্ছিন্নভাবে পড়ে আছে পাড় রক্ষার জন্য ফেলা কিছু ব্লক। সেদিকে তাকিয়ে পুরোনো অভিযোগ তুললেন যাত্রীদের একজন, ‘বর্ষায় ব্লক ফেলায়। নদীতে ফেলে পাঁচটা, খাতায় ওঠে দশটা।’ পান চিবানো লালচে দাঁতের হাসিতে কয়েকজন সে কথায় নিরঙ্কুশ সায় দিলেন।
ভোলাও এমন ভাঙছে জানিয়ে একজন বললেন, তোফায়েল সাব (ভোলার মানুষ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ) তো চেষ্টা করেন। আরেকজন সঙ্গে যুক্ত করলেন, ‘হে কত করব। হের কি শুধু ভোলা দেখলেই অয়? হের তো সারা দেশ দেখতে অয়।’
কুমিল্লা থেকে তাবলিগ জামাতে ভোলায় যাচ্ছেন শ্মশ্রুমণ্ডিত এক যুবক। নিবিষ্ট মনে নদী দেখছেন। একজন বললেন, ‘অনত নদীত কোনো লাহা (ঢেউ) নাই। আষাঢ় মাসে আইলে টের পাইতেন। বাইরাইয়া পেটের ভাত মুয়ে তুইলা ফালায়।’ পাশ থেকে একজন বললেন, ‘অহনও এই নদীতে পড়লে বাঁচার কোনো কুদরত আছে?’ পাশ থেকে আরেকজন নির্বিকারভাবে বললেন, ‘এখানে অসুবিধা হইব না। পানি থেকে হাত ওপরে তুলে ভাইসা থাকলে মাছ ধরার নৌকাগুলো আইসা তুলইল্লা লইব।’ চারপাশে অনেক মাছ ধরার নৌকা। একজন তরুণ হুজুর বললেন, ‘পানিতে মানবতা সব থেকে বেশি। ওচে (ডাঙায়) যেগুলা মারামারি করে পানিতে পড়লে হেগুলাই একটা আরেকটারে উদ্ধার করে।’ বড় দার্শনিক কথা। কয়েকজন ঘুরে ওই তরুণকে দেখলেন। তৃপ্তি নিয়ে পান চিবোচ্ছেন তিনি।
এই ডেকে ক্রুদ্ধ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই প্রতিবাদী যুবক। ফোনে নিজের লোকজন ডেকে আনছেন ইলিশা ঘাটে। কী করেন জানতে চাইলে যুবক বললেন, কাঁচামালের ব্যবসা করেন। এই ঘাট দিয়ে তাঁর নিত্য যাতায়াত। আর লঞ্চটি গিয়ে ভোলার যেখানে ভিড়বে, সেই রাজাপুর ইউনিয়নেই তাঁর বাড়ি।
যুবকের চোখের আগুন কমাতে একজন মধ্যবয়স্ক যাত্রী তাঁর ‘প্রকাশ্য স্থানে ধূমপানে বাধা দেওয়ার’ ভূয়সী প্রশংসা করলেন। তবে ব্যবসায়ী হিসেবে তাঁর আরও কৌশলী হওয়া উচিত বলেও পরামর্শ দিলেন।
কোট পরা মধ্যবয়স্ক ভদ্রলোকের বাড়িও ওই যুবকের এলাকায়। তিনি একে একে চেয়ারম্যান, মেম্বার, মাতবর ও লঞ্চঘাটের হর্তকর্তাদের নাম বলছেন এবং তাঁদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্কের কথা জানাচ্ছেন। যুবক সবাইকে চেনেন। ‘তুমি তো সবাইকে চেনো। বাদ দাও। ঘাটে আর ঝামেলা করো না। এতে মান-ইজ্জত বাড়বে না।’
‘আমি কইছি, ভাই এখানে বিভিন্ন দেশের লোক আছে। ভোলার বদনাম হইব। হালার পুতেরা রাজমিস্তিরিগিরি করে কিন্তু বেনসন সিগারেট খায়’—উত্তেজিত যুবক গজরান।
এই মিয়া বাদ দেও। তুমি রাজনীতি করোনি কোনো?—জানতে চান মধ্যবয়স্ক যাত্রী। যুবক বলেন, ‘আমরা মিঠু চৌধুরীর লোক (বিদ্রোহী প্রার্থী হয়ে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত।) সরকারি দল করি। মিজান খাঁর (দলের মনোনীত প্রার্থী) বিরুদ্ধে নির্বাচন করে দুইটা মামলা খাইছি। অন্যায় মানতে পারি না।’
যুবকের অনুযোগ, ‘তারা তো ক্ষমা চাইল না।’ দুজন যাত্রী লঞ্চের ভেতরে ছুটে গেলেন। এতক্ষণে ধূমপায়ী যুবকেরাও বুঝেছেন ধোঁয়া আরও বের হতে পারে! তাঁদের একজন প্রতিবাদকারী যুবকের কাছে এসে ক্ষমা চাইলেন। শীতের শান্ত মেঘনার বুকে দুই যুবকের কোলাকুলিতে ইলিশা ঘাটে সবার নিরাপদ অবতরণ নিশ্চিত হলো।
সোয়া দুই ঘণ্টা হতে চলল দেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলার টিকিটিও দেখা যাচ্ছে না। মাথার ওপরে বসা সারেং জানালেন আট কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে তাঁকে। আরও ২০ মিনিট সময় লাগবে। দূরে তাকিয়ে একজন বললেন, ‘ওই যে কালো একটা রেখা দেখা যাচ্ছে।’ আরেকজন জানালেন, ওটা বোধ হয় মাঝের চর। সবাই তাকালেন সেদিকে। কিন্তু কিছুই দেখা গেল না। একজন বললেন, ‘আপনি সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার মতো একটা কথা কইলেন ভাই।’ আরেক জন বললেন, এই নামটা এখানে নেওয়া ঠিক হয়নি। আরেকজনের বিজ্ঞ মত, তিনি যুদ্ধাপরাধের সাজা পাইছেন ঠিক আছে। কিন্তু তাঁর ওয়াজ শোনার মতো ছিল। ওয়াজের আলোচনা ছড়িয়ে পড়ছে। অমুক ভালো ওয়াজ করেন। কিন্তু তিনি পাথরের অ্যাড করেছেন, যাতে বলা হয়েছে ওটা হাতে পরলে সাত দিনে ধনবান হওয়া যায়। তাইলে বলেন, ওনার ওয়াজ ঠিক, নাকি পাথরের অ্যাড ঠিক?—প্রশ্ন রাখলেন একজন।
নানা শ্রেণি-পেশার এই সাধারণ মানুষগুলো খুব অবলীলায় কঠিন সব বিষয় নিয়ে আলোচনা করছেন। শহুরে নাগরিক সমাজে বা আনুষ্ঠানিক আয়োজনে এসব বিষয় নিয়ে কথা বলা কতই না কঠিন।
মেঘনা নদী পাড়ি দেওয়ার আড়াইটি ঘণ্টা এই প্রতিবেদকের জন্য অমূল্য। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, ধর্ম, মানবিকতা—এই কটি বিষয় নিয়েই তো বর্তমান বাংলাদেশ। তার পুরোটাই মূর্ত হয়ে উঠেছে এই মেঘনায়।
গভীর শান্ত জলরাশির ওপর দিয়ে ধীরে তবে সামর্থ্যের পুরোটা দিয়ে ছুটছে লঞ্চ। মধ্য দুপুরেও নিশির (কুয়াশা) আস্তরণ আর হিমেল হাওয়া মিলিয়ে অব্যাখ্যাযোগ্য এক পরিবেশ। মাথার ওপর দিয়ে নেচে নেচে উড়ছে একা একটি গাঙচিল। বিশাল আকাশের পটভূমিতে একাকিত্ব তার স্বাভাবিক সৌন্দর্যকে যেন প্রকাশ হতে দিচ্ছে না। হঠাৎ আরেকটি গাঙচিল এসে দূর দিয়ে তাকে ক্ষণিক সঙ্গ দিয়ে গেল। তাতে মনে হলো, একঝাঁক গাঙচিল থাকলে এই চিত্রটি কী মনোরম হয়ে উঠত! তৃপ্তি নিয়ে বলা যেত, আহ্ বাংলাদেশ!