মেঘনার ভাঙন ঠেকাতে কমলনগরে মানববন্ধন
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে করুণানগর থেকে তোরাবগঞ্জ পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ঘণ্টাব্যাপী (সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত) এ কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কমলনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি পালনের সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
উপজেলা নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, কমলনগরের চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন ও পাটোয়ারীরহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে পড়েছে।
লক্ষ্মীপুর পাউবো সূত্র জানা যায়, ২০১৪ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার ও কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লকবাঁধের কাজ করার কথা। এর মধ্যে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সেনাবাহিনীর ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে গত বছরের ১০ জানুয়ারি থেকে কাজ চলছে। কমলনগরের মাতাব্বরহাট এলাকায়ও কাজ শুরু করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সামছুল আলম, আইনজীবী আনোরুল হক মিয়া, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, পাটওয়ারীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ।
বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে কমলনগর ও রামগতির ৪০ কিলোমিটার বেড়িবাঁধ, হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাটবাজার নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। সদর উপজেলার মজুচৌধুরী হাট থেকে আলেকজান্ডারের সেবাগ্রাম পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকার বসতবাড়ি, হাটবাজার মেঘনা নদীর ভাঙনের মুখে রয়েছে। দ্রুত মেঘনা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।