মেঘনার ভাঙন থেকে মনপুরা রক্ষায় মানববন্ধন
ভোলার দুর্গম মনপুরা উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরকারি তিতুমীর কলেজের মনপুরা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার হাজিরহাট সিরাজ চত্বরে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধনে সর্বস্তরের লোকজন অংশ নেন।
‘আমরা পরিচয়হীন হতে চাই না’, ‘আমরা বাঁচতে চাই’, ‘আর কোনো দাবি নাই, নদীভাঙন রোধ চাই’, ‘নদীভাঙন রোধ চাই, নিরাপদে বাঁচতে চাই’, মেঘনার করাল গ্রাস থেকে মনপুরাকে বাঁচাও’ লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে লোকজন মানববন্ধনে অংশ নেন। এ সময় হাজিরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।
মনপুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘মেঘনার অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে মনপুরা। ঐতিহাসিক মনপুরাকে রক্ষায় আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।’