মেঘনার ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শন প্রতিমন্ত্রীর
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম। গতকাল শুক্রবার উপজেলার মাতাব্বরহাট এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের অগ্রগতি দেখতে যান তিনি। এর আগে মন্ত্রী মাতাব্বরহাটে বাঁধ এলাকায় এক সমাবেশে বক্তব্য দেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদীর তীর সংরক্ষণ নামের একটি প্রকল্পের কাজ চলছে। এ জন্য প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার ও কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লক বাঁধের কাজ করার কথা রয়েছে। রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সেনাবাহিনীর ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে গত বছরের ১০ জানুয়ারি থেকে কাজ চলছে। এ বছর কমলনগরের মাতাব্বরহাট এলাকায় কাজ শুরু করা হয়েছে।
মাতাব্বরহাট এলাকায় বাঁধের কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মো. আবদুল্লাহ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই বাকী, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, পাউবোর পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোসাদ্দেক হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মজুমদার প্রমুখ।