লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে গতকাল বুধবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা গাছ ফেলে রামগতি-লক্ষ্মীপুর ও রামগতি-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে এবং উপজেলা সদর আলেকজান্ডার বাজারের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। জানা যায়, ‘রামগতি রক্ষা মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র এবং স্থানীয় কিছু জনতা ওই বিক্ষোভ করে। রামগতি রক্ষা মঞ্চের সমন্বয়ক মো. ইসমাইল হোসেন বিক্ষোভ ও অবরোধের কথা স্বীকার করলেও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিক্ষোভ চলার সময় কতিপয় বহিরাগত ব্যক্তি ভাঙচুরের ঘটনা ঘটায়। সূত্র জানায়, বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবনের ১০টি দপ্তর ভাঙচুর করেছে।
ইউএনও আ স ম হাসান আল আমিন বলেন, বেলা ১১টায় রামগতি রক্ষা মঞ্চের ব্যানারে কয়েক শ বিক্ষোভকারী মেঘনার ভাঙন প্রতিরোধের দাবি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর আকসিঞ্চকভাবে তাঁরা ভাঙচুর শুরু করেন। তিনি জানান, ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।