মেঘনার ভাঙনে এক সপ্তাহে ১০ ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষাকাল আইলে বুকটা ধপ করি উডে। নদী ভাঙতে ভাঙতে আঁর ফসলি খেত, বাড়িঘর সব শেষ। আর হারানোর কিছু নাই।’গত শনিবার শাহ পরান মাঝির বাড়ি মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। সর্বস্বহারা পরানের মুখ থেকে বেরিয়ে আসে এসব হতাশার কথা। এ নিয়ে গত এক সপ্তাহে ভেঙে নিয়ে গেছে ১০টি বসতঘর।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার সংযোগ নদী প্রায় পাঁচ বছর ধরেই ভাঙছে। বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি, অথচ ভাঙছে নদী। গেল বছরগুলোর চেয়েও ভাঙনের তীব্রতা এবার বেশি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।চরকাছিয়া গ্রামের বোরহান মাঝি গত শুক্রবার নদীর পাড়ে দাঁড়িয়ে ভাঙনের নিষ্ঠুর তাণ্ডব দেখছিলেন। তাঁর শেষ সম্বল ঘরটুকুও গত বছর কেড়ে নিয়েছে মেঘনা নদী। সাত সদস্য নিয়ে ভালোই চলছিল তাঁর সংসার। কিন্তু সব হারিয়ে আজ তিনি নিঃস্ব।দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, স্থানীয় সাংসদ ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিনে এসে নদীভাঙনের চিত্র দেখেছেন। কিন্তু ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ পর্যন্ত পাঁচ বছরে প্রায় ৮০ একর আবাদি জমি ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙনে চরকাছিয়া গ্রাম তলিয়ে গেলে ভূমিহীন হয়ে পড়বে কমপক্ষে ১০ হাজার মানুষ।এলাকাবাসী জানান, উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের শিঠু ঢালী, ফজল মাঝি, কাশেম ব্যাপারী, কাদের হাওলাদার, রহমান মাঝি, আক্কাছ হাওলাদার, হাবিব উল্লাসহ ১০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে কাদির হাওলাদার, শুকুর আলী সর্দার, সাইফুল ইসলাম ও শেফালি বেগমের বাড়িসহ ২০টি পরিবার।ক্ষতিগ্রস্ত আজিজুল হক জানান, তাঁর তিন একর ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। বসতবাড়িটিও এখন ভাঙনের অপেক্ষায় রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি কী করবেন, কোথায় যাবেন, কী খাবেন, তা ভেবে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘ভাঙনের কথা শুনেছি। ভাঙনের তীব্রতা এবার বেশি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’