লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হওয়া ভূমি পুনরুদ্ধারের জন্য কারিগরি সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, যে জমি নদীগর্ভে চলে গেছে, তা উদ্ধার করা যায় কি না, এ জন্যই সমীক্ষাটি করা হবে। গতকাল বুধবার বিকেলে কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শন করেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় দেশে কেউ গৃহহীন থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নদীভাঙা মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ জন্য ভাঙন প্রতিরোধের পাশাপাশি বিলীন হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য দেন রামগতি-কমলনগরের সাংসদ মো. আবদুল্লাহ আল মামুন, রায়পুরের সাংসদ মোহাম্মদ নোমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমদ খান ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির সভায় উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানা যায়, ২০১৪ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রামগতি ও কমলনগর উপজেলার ৩৭ কিলোমিটার এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের জন্য ‘নদীর তীর সংরক্ষণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার ও কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লক বাঁধের কাজ করা হচ্ছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর তত্ত্বাবধানে পাউবো প্রকল্পটি বাস্তবায়ন করছে। পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী গতকাল সকালে বাঁধ নির্মাণ এলাকা পরিদর্শন করেন। দুপুরে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁধ নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে তাঁরা আলোচনা করেন।