মেঘনার ভাঙনে হুমকির মুখে বিদ্যালয় ভবন
মেঘনার ভাঙনের কারণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হুমকির মুখে পড়েছে। এর মধ্যে মাঠের একাংশসহ বিদ্যালয়ে যাতায়াতের একটি রাস্তা নদীতে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, বর্ষার সময় নদীতে জোয়ার বেড়ে গেলে বিদ্যালয় চত্বর প্লাবিত হয়। এতে ওই সময় ক্লাস পরিচালনা অসম্ভব হয়ে পড়ে।
১৯১৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে সেখানে নির্মিত দোতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি বিদ্যালয়ের একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়ের আধা পাকা একটি ভবন আছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবন থেকে ২০-২৫ গজ দূরে মেঘনার ভাঙন চলছে। আশ্রয়কেন্দ্রটিসহ বিদ্যালয়ের আধা পাকা ভবনটি মেঘনার ভাঙনের মুখে পড়েছে। মাঠের একাংশসহ বিদ্যালয়ের সামনের রাস্তা এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ফাহিম, নার্গিস আক্তার ও চতুর্থ শ্রেণির নাহিদ উদ্দিন বলল, রাস্তাটি নদীতে ভেঙে পড়ার কারণে বিদ্যালয়ে যেতে তাদের সমস্যা হচ্ছে। এ ছাড়া বর্ষার সময় নদীতে জোয়ার বেড়ে গেলে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যায়। ওই সময় তিন-চার ঘণ্টা তাদের বিদ্যালয়ে আটকা পড়ে থাকতে হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ হোসেন চৌধুরী বলেন, বিদ্যালয়টি দ্রুত স্থানান্তর করা প্রয়োজন। তা না হলে সামনের বর্ষায়ও বিদ্যালয়ে যাতায়াতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমস্যায় পড়তে হবে। ওই সময় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হবে। এ ছাড়া ভবনগুলো নদীতে ভেঙে পড়ার আশঙ্কা আছে। তিনি বলেন, বিদ্যালয় স্থানান্তরের ব্যাপারে গত ডিসেম্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান বলেন, বিদ্যালয়টি স্থানান্তরের বিষয়ে গত মাসে উপজেলা শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। ওই সভায় বিদ্যালয়ের স্থান নির্ধারণের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। স্থান নির্ধারণের বিষয়টি সুরাহা হলে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয়ের স্থান নির্ধারণ কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ বলেন, এলাকায় প্রস্তাবিত কয়েকটি স্থান তাঁরা পরিদর্শন করেছেন। তাঁরা অভিভাবক ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন। তাঁরা শিগগিরই এ ব্যাপারে প্রতিবেদন দেবেন।