মেঘনার লোনা পানির জোয়ারে ফসলের ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার লোনা পানির অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও নিচু চর এলাকা তিন দিন ধরে প্লাবিত হচ্ছে। এতে এসব এলাকার সয়াবিন, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।রামগতি কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের চর গজারিয়া, তেলিরচর, চর সেবাজ, চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর, পূর্ব আলেকজান্ডার এবং চর রমিজ, চর আলগী ও বড়খেরি ইউনিয়নের প্রায় তিন হাজার একর জমির রবি ফসল লোনা পানির জোয়ারে প্লাবিত হয়েছে।চর গজারিয়া ও তেলিরচর এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফিরোজ আলম জানান, তাঁদের এখানে প্রায় ৮০০ একর জমির সয়াবিন প্লাবিত হয়েছে। বালুরচর এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাছির উল্লাহ জানান, সেখানে ৭৫০ একর জমির সয়াবিন প্লাবিত হয়েছে। তাঁরা বলেন, লবণাক্ততার কারণে সয়াবিন, মরিচ, মুগসহ এসব জমির অন্যান্য ফসল লালচে হয়ে মরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।তেলিরচর ও চর গজারিয়ার কৃষকেরা জানান, তিন দিন ধরে স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতার লোনা পানির জোয়ারে পুরো চর ডুবে গেছে। গত বছরও এ ধরনের জোয়ারে তাঁদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। গত বছরের ক্ষতি ও দেনার বোঝা নিয়ে এমনিতেই তাঁরা বিপাকে আছেন। তার ওপর এবারের ক্ষতি। তাঁদের দাবি, বেড়িবাঁধ না থাকার কারণেই প্রতিবছর লোনা পানির জোয়ারে পড়ে তাঁরা ফসলহানির শিকার হচ্ছেন।