মেঘনার সংযোগস্থল ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবে বাঁধ দিয়ে ভরাট করা হয়েছে জলাশয়৷ এতে জলাশয়টি বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেঘনার মোহনা থেকে৷ সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ভৈরবে বাঁধ দিয়ে ভরাট করা হয়েছে জলাশয়৷ এতে জলাশয়টি বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেঘনার মোহনা থেকে৷ সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনার পানি আটকে দিয়ে নদীটি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বিশাল আকারের একটি জলাশয়৷ কয়লার মোকাম গড়ে তুলতে উমর ফারুক নামের স্থানীয় এক ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে মেঘনার সঙ্গে সংযোগস্থলে জলাশয়টি ভরাট করছেন৷ প্রশাসন এ ব্যাপারে কোনো উদে৵াগ নিচ্ছে না৷
জলাশয়টি পৌর শহরের চণ্ডীবের ও পলতাকান্দা মহল্লার মাঝ দিয়ে প্রবাহিত৷ পুরোনো ফেরিঘাট ও নৈশ মৎস্য আড়ত ঘেঁষে এটি মেঘনার সঙ্গে মিলেছে৷ ওই স্থান দিয়ে বর্ষায় উপজেলার শিমুলকান্দি, শ্রীনগর ও শিবপুর ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার প্লাবন ভূমি মেঘনার সঙ্গে সংযুক্ত হয়৷ তখন ওই তিন ইউনিয়নের ব্যবসায়ী ও বাসিন্দারা জলাশয়টি দিয়ে নৌযান নিয়ে মেঘনার নৌপথে ঢুকে বিভিন্ন স্থানে যায়৷ নৌপথটি সচল রেখে যানবাহন চলাচলের জন্য ৩০ বছর আগে ওই সংযোগস্থলে পৌরসভা একটি দীর্ঘ ও উঁচু সেতু নির্মাণ করে৷
বর্ষাকালে হাওর থেকে আসা মাছবাহী ট্রলারগুলো মাছের বাজারে নোঙর করে এই জলাশয় ব্যবহার করেই৷ মেঘনার সঙ্গে জলাশয়ের সংযোগস্থানেই কয়লার বড় মোকাম গড়ে ওঠে৷ মোকামটির দিন দিন প্রসার ঘটছে৷ এ অবস্থায় ব্যবসায়ীরা কয়লা রাখার স্থানসংকটে ভুগছিলেন৷ এ কারণে তাঁরা একটি সিন্ডিকেট করে জলাশয়টি ভরাট করে কয়লার মোকাম গড়ে তোলার পরিকল্পনা করেন৷
ভরাটকাজে নেতৃত্ব দিচ্ছেন উমর ফারুক৷ তিনি বলেন, জায়গাটি মূলত ইফতেখার হোসেন ও ফারুক আহমেদ নামের দুই ব্যক্তির নামে রেকর্ড করা৷ তাঁদের সম্মতিতেই কাজটি করা হচ্ছে৷ ইফতেখার হোসেন ভৈরব শহর আওয়ামী লীগের সভাপতি৷ ভরাটকাজে সম্মতি দেওয়ার কথা স্বীকার করেছেন ইফতেখার হোসেন ও ফারুক আহমেদ৷
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, খননযন্ত্র দিয়ে জলাশয়ের ভরাটকাজ করা হচ্ছে৷ এরই মধ্যে ২০ শতাংশ ভরাট হয়ে গেছে৷ মেঘনার সঙ্গে জলাশয়টি সব সময় যুক্ত থাকলেও বর্তমানে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ মৎস্য আড়তের পাশেও জলাশয়টি ভরাট করা হচ্ছে৷ ওই পাশ ভরাট করছে মেঘনা ফেরিঘাট মৎস্য আড়তদার সমবায় সমিতি৷ ওই অংশ সরকারি খাসজমি৷ মাছ ব্যবসায়ীরা জানান, অন্যরা জলাশয়টি ভরাট করে লাভবান হতে যাচ্ছেন—এই ভেবে তাঁরাও তড়িঘড়ি করে আড়তের পাশের অংশ ভরাট করে দখল প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছেন৷ সমিতির সভাপতি আবদুল্লাহ আল আজাদ বলেন, বর্ষায় ট্রলার নোঙর করতে অসুবিধা হয়৷ এ কারণে কিছু অংশ ভরাট করা হচ্ছে৷
জলাশয় ভরাটের এই প্রতিযোগিতা দেখে জলাশয়টির অস্তিত্ব থাকবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা এর প্রতিকার চেয়ে বিষয়টি উপজেলা, পুলিশ ও পৌর প্রশাসনের নজরে এনেছেন৷ কিন্তু কোনো কর্তৃপক্ষ এ ব্যাপার পদক্ষেপ নেয়নি৷
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌর মেয়র মো. শাহীন বলেন, ভরাট যদি করাই যেত, তাহলে কেন পৌরসভা কোটি টাকা খরচ করে সেতু বানাল৷ অল্প টাকায় সড়ক তৈরি করেই তো সহজ যোগাযোগ প্রতিষ্ঠা করা যেত৷ তিনি আরও বলেন, ভরাটের হাত থেকে জলাশয়কে রক্ষায় পৌর প্রশাসন লিখিতভাবে জেলা প্রশাসনের নজরে আনার উদ্যোগ নিয়েছে৷
এদিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) প্রশান্ত কুমার দাস ঘটনাস্থল দেখে আসেন৷ তবে তাঁরা এখন পর্যন্ত নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারেননি৷ প্রশান্ত কুমার দাস বলেন, ব্যক্তিমালিকানাধীন জায়গা হওয়ায় তাঁদের ফিরে আসতে হয়েছে৷ জনস্বার্থে কেউ মামলা করে এর প্রতিকার চাইতে পারেন৷