মেঘনার ১০ কিলোমিটারে ঝোপ দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে এভাবেই বাঁশ পুঁতে এবং গাছের ডালপালা দিয়ে ঝোপ তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে এভাবেই বাঁশ পুঁতে এবং গাছের ডালপালা দিয়ে ঝোপ তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনার প্রায় ১০ কিলোমিটারে বাঁশ পুঁতে ও গাছের ডালপালা ফেলে ঝোপ বানিয়ে মাছ শিকার করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকেরা প্রশাসনের যোগসাজশে এভাবে মাছ ধরছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৯ নভেম্বর উপজেলার আনন্দবাজার, নুনেরটেক ও শান্তির বাজার এলাকায় গিয়ে দেখা যায়, নদীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে ১৫০টির অধিক জায়গায় চারপাশে বাঁশ পুঁতে ভেতরে গাছের ডালপালা ফেলে রাখা হয়েছে। জালের ঘের দিয়ে সেসব ঝোপে আশ্রয় নেওয়া মাছ শিকার করা হচ্ছে। এসব জালের ফাঁস এতই ছোট যে, এতে রেণুও ধরা পড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব থাকলেও মেঘনা নদীতে সবাই একজোট হয়ে মাছ শিকার করছেন। মাছ শিকারে যুক্ত আলম চান নামের একজন বলেন, নদীতে ঝোপ দেওয়ায় জড়িত অধিকাংশই নুনেরটেক গ্রামের বাসিন্দা। এ কাজে জড়িত ব্যক্তিদের মধ্যে আছেন আওয়ামী লীগের কর্মী ও নুনেরটেক উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেমসহ ৪০ জন। বিএনপির কর্মীদের মধ্যে বারদি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জিলানী মিয়া ছাড়াও ২৬ জন আছেন।
সাধারণ জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর সব মাছ ঝোপের ভেতর আটকা পড়েছে। এ কারণে সাধারণ জেলেরা নদীতে জাল ফেলে মাছ পাচ্ছেন না। গত বছর নদীর পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ঝোপ দেওয়া হয়েছিল। এ বছর ১০ কিলোমিটার এলাকায় ঝোপ দেওয়া হয়েছে। গত বছর ঝোপের সংখ্যা ছিল ৪৫টি। এ বছর ১৫০টিরও অধিক ঝোপ দেওয়া হয়েছে।
ঝোপ দেওয়ায় জড়িত ইব্রাহিম মিয়া বলেন, এ বছর স্থানীয় মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে অলিখিত চুক্তির ভিত্তিতে ঝোপের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে গাছের ডালপালা ফেলে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাছ শিকার করা হয়। একটি ঝোপ থেকে কয়েক লাখ টাকার মাছ ধরা হয়।
জানতে চাইলে আওয়ামী লীগের কর্মী আবুল হাশেম বলেন, ‘আমি এ বছরই ঝোপ দিয়ে মাছ ধরেছি। এলাকার অনেক নেতা-কর্মী এভাবে মাছ ধরেন। তাই আমিও করছি। প্রশাসন নিষেধ করলে আর এ কাজ করব না।’
বিএনপির কর্মী জিলানী মিয়া বলেন, ‘আমরা প্রতিবছরই দলমত-নির্বিশেষে ঝোপ দিয়ে ব্যবসা করি। মৎস্য অফিস থেকে আমাদের কোনো নিষেধ দেয়নি। কর্মকর্তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’
বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বলেন, দীর্ঘদিন ধরে নদীতে এভাবে মাছ ধরা হচ্ছে। এ এলাকার মৎস্যসম্পদ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের দলের লোকজন ও বিএনপির কর্মীরা এ ব্যবসায় জড়িত। নদীজুড়ে ঝোপ দেওয়ায় নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। কোনো প্রতিকার পাইনি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক বলেন, ‘আমরা মাইকিং করে ঝোপ না দিতে বলেছি। কিন্তু কেউ কথা রাখছে না। জনবলের অভাবে এসব ঝোপ উচ্ছেদ করতে পারছি না। কারও কাছ থেকে আমরা অনৈতিক সুবিধা গ্রহণ করিনি।’ তিনি বলেন, মৎস্য আইনে স্পষ্ট বলা আছে, নদীতে কোনো অবস্থাতেই মাছের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তাই ঝোপ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।