মেঘনায় অবাধে জাটকা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন করছে জেলেরা। গত নয় দিনে মেঘনা নদী থেকে পাঁচ মেট্রিক টন জাটকা আটক করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন। নির্বিচারে জাটকা নিধনের ফলে এবার ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মেঘনা নদীর লক্ষ্মীপুর, রায়পুর, হাজীমারা ও রামগতি, চাঁদপুর, নীলকমল, কাটাখালী ও মোহনপুর এলাকাকে বৃহৎ জাটকা বিচরণক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। সারা বছর নদীতে কমবেশি জাটকা থাকলেও নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এর ভরা মৌসুম। এ সময় শেওলাজাতীয় খাবার খেতে বিপুল পরিমাণ জাটকা দল বেঁধে ওই এলাকায় বিচরণ করে। এ জন্য সরকার ওই সব এলাকায় মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে।রায়পুর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চর আবাবিল ও উত্তর চর আবাবিল ইউনিয়নের প্রায় নয় হাজার ৪২৭টি জেলে পরিবার রয়েছে। জেলেরা যাতে নদীতে দুই মাস মাছ না ধরেন, এ জন্য সরকার রায়পুরের জেলেদের পুনর্বাসনের লক্ষ্যে ২০ কেজি করে এক হাজার ৯৫৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করে। এ ছাড়া ২৪৫টি জেলে পরিবারকে পুনর্বাসনের জন্য ১৯ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু থেমে নেই মেঘনায় জাটকা নিধন। অনুসন্ধানে জানা গেছে, জেলেরা বর্তমানে রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত মেঘনা নদী ও এর সংযোগ খালগুলোতে জাটকা নিধন করছে। কেননা প্রশাসনের লোক সাধারণত ওই সময় টহল দেয় না।মেঘনা উপকূলীয় এলাকার জেলে ইমান হক জানান, তাঁরা জাটকা ধরে রায়পুরের পুরান বেড়িসহ বিভিন্ন এলাকায় গড়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেন। পরে পাইকাররা তা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে প্রথম আলোকে বলেন, ধরলেই লাভ। এ লাভ কি হাতছাড়া করা যায়! তাই জাটকা ধরছি।নাম প্রকাশে অনিচ্ছুক রায়পুর মৎস্য দপ্তরের এক কর্মকর্তা জাটকা নিধনের কথা স্বীকার করে জানান, জেলেরা রাতে নদীতে মাছ ধরে হাজীমারা ফাঁড়ি থানার হাবিলদার আবদুল হাইকে ‘ম্যানেজ’ করে তা পুরান বেড়িতে এনে বিক্রি করেন। জাটকা নিধন বন্ধে তাঁরা মাঝেমধ্যে অভিযান চালান। কিন্তু অভিযান চালানোর নৌকা ভাড়া করতে করতে জেলেদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। এতে জেলেদের ধরা যায় না। তা ছাড়া জেলেদের ইঞ্জিনচালিত নৌকা ধাওয়া করতে মৎস্য কর্মকর্তাদের স্পিডবোট প্রয়োজন। অনেক সময় জেলেদের ধাওয়া করলে তাঁরা সংযোগ খালগুলোতে ঢুকে পালিয়ে যান। হাজীমারা ফাঁড়ি থানার হাবিলদার আবদুল হাই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন পাটওয়ারী বলেন, ‘জাটকা ধরলে এবার ইলিশের উৎপাদন কমতে পারে। তবে জাটকা নিধন রোধে প্রশাসন তৎপর রয়েছে। গত ৪ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ মেট্রিক টন জাটকা আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ যোগাযোগ করা হলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের উপপরিচালক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জাটকা নিধনের বিষয়টি দুঃখজনক। এভাবে চলতে থাকলে ইলিশ উৎপাদন ব্যাহত হবে। সবার স্বার্থেই জাটকা নিধন বন্ধ রাখা উচিত।