মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে বালু উত্তোলনে ব্যবহূত খননযন্ত্র।গতকাল দুপুরে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফেরদৌস আহমেদের তত্ত্বাবধানে সোনারগাঁ উপজেলার সাবদিবাজার এলাকায় ওই অভিযান চালানো হয়। সেখানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এমভি মদিনা এন্টারপ্রাইজ নামের খননযন্ত্র জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। আটক করা হয় খননযন্ত্রের মালিক পক্ষের লোক মো. শাকিল আহমেদ, মো. রুহুল আমিন (৩০) ও মো. কবির হোসেনকে। পরে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিনজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।অবৈধভাবে বালু উত্তোলনে মেঘনা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী এবং তীরবর্তী চরাঞ্চলে ভূমির ক্ষতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার।