মেঘনায় অর্ধশত ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে গতকাল রোববার ভোরে প্রায় ৫০টি মাছ ধরার ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুদের গুলিতে কমপক্ষে ১০ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
জলদস্যুরা ওই সব ট্রলার থেকে ২০ জেলেকে অপহরণ করেছে। আহত ব্যক্তিদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জেলে জানান, গতকাল ভোরে মনপুরা উপজেলার ঢালচরের উত্তর পাশে জাগলার চরের মেঘনায় জাল ফেলে সাতটি ট্রলারে থাকা জেলেরা অপেক্ষা করছিলেন।
এ সময় হাতিয়া-রামগতির একদল জলদস্যু অতর্কিতে হামলা চালালে সাবিত ও নূরনবী মাঝির দুটি ট্রলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দস্যুরা গুলি ছুড়লে ওই দুটি ট্রলারে থাকা রিপন, রিয়াজ, ছালাউদ্দিন, সুজন, হাসেম, জসিম, পারভেজ, সুমনসহ ১০ জেলে গুলিবিদ্ধ হন। পরে দস্যুরা ঢালচর ও কলাতলীর চরের মেঘনায় দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে জামশেদ, কাইয়ুম, নূর নবী, দেলোয়ার ও নজরুল মাঝির ট্রলারে থাকা জাল ও মাছ লুট করে।
এ সময় জেলেদের মারধর করে প্রতিটি ট্রলার থেকে একজন করে মোট পাঁচজনকে অপহরণ করা হয়। দস্যুরা অপহৃত জেলেদের ছাড়িয়ে নিতে মুক্তিপণ দাবি করে মুঠোফোন নম্বর দিয়ে যায়।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক শিকদার জানান, পুলিশ মেঘনার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাশের তজুমদ্দিন উপজেলার মেঘনার তেলিয়ার চর, ভাসনভাঙ্গার চর, মৌলভির চর, চর লাদেন, চর মোজ্জাম্মেলসহ মেঘনা নদীতে জলদস্যুরা ৪৫টি ট্রলারে হামলা চালিয়েছে। এ সময় জাল ও মাছ লুট এবং ১৫ জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলেদের প্রত্যেকের জন্য তিন-চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
জেলেরা জানান, দস্যুরা শতাধিক জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। পরে তাঁরা সাঁতরে পাড়ে ওঠেন।
তজুমদ্দিন কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার মো. মাসুদ প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর তাঁরা নদীতে অভিযান চালাচ্ছেন। অভিযানে দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে।