মেঘনায় অসময়ে ধরা পড়ছে প্রচুর ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে এক সপ্তাহ ধরে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। এই অসময়ে বড় বড় ইলিশ ধরা পড়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জেলেরা মহা খুশি।
জেলেরা জানান, গত ১০ জানুয়ারি থেকে মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে। অনেক ইলিশের ওজন প্রায় এক কেজি। এই শুকনো মৌসুমে মেঘনায় এত ইলিশ ধরা পড়ার নজির নেই।
১২ বছর ধরে জেলে পেশায় নিয়োজিত মইন উদ্দিন ও বাদশা মিয়া। তাঁরা জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁরা মেঘনা নদীর কাটাখালী এলাকায় জাল ফেলেন। দুই ঘণ্টা পর দেখতে পান, জালে প্রচুর ইলিশ পড়েছে। পরে সেগুলো স্থানীয় হাইমচর আড়তে নিয়ে বিক্রি করেন তাঁরা।
চর বংশী গ্রামের জেলে নাজমুল আলম বলেন, গত ইলিশ মৌসুমে দাদনে টাকা নিয়ে তিনি নৌকা কেনেন। কিন্তু তখন নদীতে খুব একটা মাছ না পেয়ে হতাশ ছিলেন। কিন্তু এখন প্রচুর ইলিশ ধরতে পেরে পরিবার নিয়ে সুখে আছেন তিনি।
রায়পুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, উত্তর চরআবাবিল, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৭ হাজার ২৩০ জেলে পরিবার রয়েছে। মাছ ধরা ও বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু ছয়-সাত বছর ধরে মেঘনায় মাছ কমে যাওয়ায় দুর্দিন যাচ্ছিল এসব জেলে পরিবারের।
এদিকে হঠাৎ করেই ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এর দাম অনেক কমে গেছে। রায়পুর পৌরসভার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা মো. নিশান বলেন, তিনি গত শুক্রবার রাতে ৭০০-৮০০ গ্রাম ওজনের ২৪টি ইলিশ মাত্র চার হাজার টাকায় কিনেছেন। কয়েক দিন আগেও এগুলোর দাম ছিল আট-নয় হাজার টাকা।