মেঘনায় আটটি ট্রলারে ডাকাতি, তিন জেলে অপহরণ
মেঘনা নদীর বিভিন্ন স্থানে আটটি মাছ ধরার ট্রলারে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা মালামালসহ আটটি ট্রলার এবং তিন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তাদের হামলায় ৩০ জেলে আহত হয়েছেন।ট্রলারের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ডাকাতেরা মেঘনার হুজুরের খাল, হাজীপুর চরের পূর্ব মেঘনা ও আব্দুল্যাহপুর এলাকায় কামাল কোম্পানির দুটি এবং আওলাদ হোসেন, গোলামনবী, সিরাজুল ইসলাম, আবদুল বারেক সওদাগর, আবদুল হান্নান মাঝি ও হানিফ মাঝির একটি করে ট্রলারে অতর্কিত হামলা চালায়। ডাকাতেরা এসব ট্রলারে থাকা ৩০ জন জেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে তারা মালামাল, জালসহ ট্রলারগুলো নিয়ে যায়। ট্রলারের মালিকদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে।ট্রলারমালিক গোলামনবী জানান, ডাকাতেরা তাঁর ট্রলারের দুজন এবং আওলাদ হোসেনের একজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁদের উদ্ধারের জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। তিনি অভিযোগ করেন, নদীতে মাছ না থাকলেও ডাকাতি বন্ধ নেই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা চুপ করে বসে আছে।কোস্টগার্ডের রামগতি ক্যাম্পের পেটি অফিসার নেওয়াজ বলেন, ‘স্থানীয় লোকজনের সহযোগিতায় স্পিকার বাহিনীসহ কয়েকটি বাহিনী মেঘনা ও সাগর মোহনায় ডাকাতি করছে। আমরা একদিকে টহল দিলে অন্যদিকে ডাকাতি হচ্ছে। দস্যু দমনে মেঘনায় একটি বাহিনীর একাধিক দলের টহল দরকার।’