মেঘনায় আতঙ্কের আড়াই ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেরিটি ছাড়ার ২০ মিনিটের মাথায় এটি কাত হয়ে পানি উঠতে থাকে। শিগগিরই ফেরি উপচে গাড়ির মধ্যে পানি ঢুকতে থাকে। আতঙ্কে আমরা কান্নাকাটি করতে থাকি। জীবন নিয়ে ঘরে ফিরতে পারব ভাবিনি। অনেক যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। আড়াই ঘণ্টা আমাদের আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে কেটেছে। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে আছি।’গতকাল বুধবার কান্নাজড়ানো কণ্ঠে এসব কথা বলেন খুলনাগামী বাসযাত্রী সালেহ আহমেদ (৪৫)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শাহিদা আক্তার (৩৫)। শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের কাছে আটটি গাড়ি ও বিভিন্ন পণ্যসহ ডুবে যাওয়া ফেরির যাত্রী তাঁরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুরের হরিণাঘাট থেকে দুপুর ১২টার দিকে ফেরিটি নরসিংহপুরের উদ্দেশে রওনা হয়। ফেরিতে পণ্যবোঝাই চারটি ট্রাকসহ আটটি গাড়ি ও দুই শতাধিক যাত্রী ছিল। ট্রাকগুলোতে রড, বিটুমিনসহ অতিরিক্ত পণ্য থাকায় একপর্যায়ে ফেরিটি কাত হয়ে যায়। এতে ফেরির ফাটা স্থান দিয়ে পানি উঠতে থাকলে আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করে। এ অবস্থায় চালক ফেরিটি চালিয়ে নিতে যেতে থাকেন। ফেরির চালক বাদল হোসেন বলেন, ‘ফেরির কর্মীদের পানি সেচতে বলে আমি গতি বাড়িয়ে শরীয়তপুর ঘাটের দিকে যেতে থাকি।’বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে ডুবু ডুবু অবস্থায় ফেরিটি শরীয়তপুর ঘাটে পৌঁছায়। এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এরপর ঘণ্টাখানেকের মধ্যে ফেরিটি ডুবে যায়। গাড়ি ও পণ্যসহ ফেরিটি ডুবে গেলেও সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে আসা বাসযাত্রী কামাল, মনোয়ারা ও মাহবুব বলেন, ‘ফেরির চালক ঠান্ডা মাথায় ফেরিটি শরীয়তপুর ঘাটের কাছাকাছি নিয়ে আসায় আমরা রক্ষা পেয়েছি।’শরীয়তপুরের জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার ফেরিঘাটে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, ‘ফেরি ডোবার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমকে খবর দেওয়া হয়েছে। জাহাজ দুটি এলে যানবাহনসহ ফেরিটি উদ্ধার করা হবে। স্থানীয় মানুষের সহায়তায় ফেরির যাত্রীরা নিরাপদে তীরে আসতে পেরেছে।’