মেঘনায় ইলিশ নেই, রায়পুরের জেলেপল্লিতে ঈদও হয়নি
মেঘনায় ইলিশ মাছের আকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জেলে পরিবারগুলোর ঈদ কেটেছে হতাশায়। জালে ইলিশ ধরা না পড়ায় মহাজনের দাদন, এনজিওর কিস্তি নিয়ে এসব জেলে দিশেহারা। এ অবস্থায় ঈদে তাঁদের অনেকের ঘরে সামান্য সেমাইও রান্না হয়নি। সরেজমিনে জেলেপল্লি নাইয়াপাড়া ও হাজীমারা ঘুরে দেখা গেছে, আড়তগুলোতে ইলিশের কেনাবেচা নেই। জেলেরা নদীতে জাল ফেললেও দিন শেষে খালি হাতেই বাড়ি ফিরছেন। যে দু-একটি মাছ ধরা পড়ছে, তা বিক্রি করে ট্রলারের জ্বালানি খরচও উঠছে না। জেলে সিরাজুল ইসলাম জানান, নদীতে মাছ না থাকায় তাঁদের গ্রামে এবার ঈদের কোনো আমেজই ছিল না। অধিকাংশ জেলে পরিবারে সামান্য সেমাইও রান্না হয়নি।আড়তদার মফিজুর রহমান ও আলতাফ হোসেন জানান, বৈশাখের শুরু থেকে সাধারণত মেঘনায় ইলিশ ধরা পড়ে। অথচ চার মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও ইলিশের সে রকম দেখা নেই। মাছের ঘাটগুলো থেকে প্রতিবছর এ সময় প্রায় ১০০ টন ইলিশ দেশের বিভিন্ন বাজারে রপ্তানি হয়। অথচ চলতি মৌসুমে এ পর্যন্ত ১০ টন ইলিশও রপ্তানি হয়নি।দক্ষিণ চরবংশী এলাকার জেলে সেলিম মাঝি বলেন, ‘এ বৎসর নদীত মাছ নাই। আঙ্গো (আমাদের) অন খারাপ সময়। কন তো হামরা অন কী খামু? মনে অয় আঙ্গো গেরামে দুর্ভিক্ষ লাগছে।’রায়পুর খাসেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী বলেন, জেলেদের জালে ইলিশ ধরাই পড়ছে না। এতে জেলেরা হতাশ হয়ে পড়েছেন। বিগত দিনে এ সময় জেলেদের পকেট জমজমাট থাকত। ঈদে জেলেপল্লিতে লাগত উৎসবের আমেজ। কিন্তু এবার নদীতে মাছ নেই। তাই জেলেদের ঈদও করা হলো না।বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ২০০৫ সালে ইলিশের ওপর পরিচালিত ‘বাংলাদেশে ইলিশ অনুসন্ধান’ শীর্ষক সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীর মোট ইলিশের ৫০ থেকে ৬০ শতাংশ বাংলাদেশ ভূখণ্ডের জলসীমায় থাকে। খাদ্যের সমাহার ও বিচরণের উন্মুক্ত স্থান থাকায় এ এলাকাকে ইলিশের দল খণ্ডকালীন আবাসস্থল হিসেবে বেছে নেয়। লক্ষ্মীপুরের রামগতি থেকে ভোলা পর্যন্ত মেঘনার বিস্তীর্ণ অববাহিকায় প্রতিবছর ইলিশ ডিম ছাড়ে, বাচ্চা বেড়ে ওঠে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণাকেন্দ্র চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ইলিশ দল বেঁধে চলে। নদীতে যত্রতত্র ডুবোচর, পানিদূষণ ও কারেন্ট জাল থাকায় ইলিশের ঝাঁক অপেক্ষাকৃত নিরাপদ কোনো মোহনায় চলে যাচ্ছে। তাই মেঘনায় আর আগের মতো ইলিশ নেই। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন পাটওয়ারী জানান, মেঘনায় আগের মতো ইলিশ না থাকায় রায়পুরের জেলেরা দুর্বিষহ জীবন যাপন করছেন। জেলেপল্লিতে হতাশা নেমে এসেছে।