মেঘনায় ইলিশ নেই, জেলেরা অভাবে
ভোলায় মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশ পাওয়া যাচ্ছে না। ফলে জেলেরা ভোর থেকে রাত পর্যন্ত নদীতে জাল ফেলেও দুই বেলা ভাত ও সপ্তাহ শেষে এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার জেলে আমির হোসেনসহ মেঘনা-তেঁতুলিয়ার শতাধিক জেলে বলেন, জেলেরা প্রভাবশালী আড়তদারের কারণে বাধ্য হয়ে বছরের অধিকাংশ সময় বেহুন্দি জাল, পাই জাল, চাই, পিটানো জাল, ধরা জাল, মশারি জাল, চর ঘেরা জাল, কারেন্ট জালসহ অবৈধ জাল দিয়ে জাটকা ও রেণুপোনা ধরেছেন। এ জন্য নদীতে এখন মাছ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া গভীর নদীতে ঢেউ ও স্রোত কমে গেছে। মাছ দৌড়াতে পারছে না। অধিক জাল, ট্রলার, যত্রতত্র ডুবোচর ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে ভরা বর্ষায়ও ইলিশ নদীতে আসছে না।
দৌলতখান উপজেলার মাঝিরহাট এলাকার সলেমান মাঝি বলেন, ভোর থেকে রাত পর্যন্ত নদীতে জাল ফেলেও দিনে ৫০০ টাকা আয় করা যাচ্ছে না। চলতি মাসে ১০ হাজার টাকা ঋণ হয়েছে। একই উপজেলার চৌকিঘাটার নজরুল ইসলাম মাঝি বলেন, নদীতে মাছ কম পাওয়ায় মহাজন, মুদি দোকান ও এনজিওর ঋণে তিনি জর্জরিত হয়ে পড়েছেন।
কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি বলেন, অবৈধজালে জাটকা ও পোনা নিধন করায় এখন জেলেরা মাছ পাচ্ছেন না। ভোলার সাত উপজেলায় লক্ষাধিক জেলে পরিবার ঋণে জর্জরিত। ভরা মৌসুমে তাঁরা মাছ না পাওয়ায় অনাহারে-অর্ধাহারে আছেন।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা সদর শাখার সভাপতি এরশাদ আলী বলেন, প্রভাবশালী আড়তদার জেলেদের জাটকা-রেণুপোনা ধরতে বাধ্য করছেন। ওই সব আড়তদারকে আইনের আওতায় আনতে হবে। রেণুপোনা ও জাটকা না ধরলে ভোলা থেকে বর্তমানের কয়েক গুণ মাছ বেশি আহরণ হতো।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, জাটকা সংরক্ষণে ভোলায় ১ লাখ ১৭ হাজার জেলের মধ্যে ৫৫ হাজার জেলেকে ১৬০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতে সব জেলেকে চাল দেওয়ার পরিকল্পনা চলছে। এত কিছু বরাদ্দ হওয়ার পরও জেলেরা জাটকাসহ পোনা ধ্বংস করছেন। সে জন্যই বড় ইলিশ পাচ্ছেন না।
চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের পরিচালক আনিসুর রহমান বলেন, ‘শুধু ভোলা নয়, বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি, নদীতে ইলিশসহ সব মাছেরই আকাল। জুলাই-আগস্ট ইলিশের মৌসুম হলেও ভরা মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর। আশার কথা হচ্ছে, নদীতে মাছ আসবে; তবে এ জন্য পর্যাপ্ত বৃষ্টি ও ঢেউ দরকার।’