মেঘনায় কিশোরগঞ্জ পুলিশের ব্যস্ত একটি দিন
কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সাতটি থানা এলাকার মেঘনা নদীতে ডাকাতির ঘটনার খবর প্রকাশের পর কিশোরগঞ্জ জেলা পুলিশ গত বৃহস্পতিবার ব্যস্ত দিন পার করেছে। ডাকাত প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি আর কী করা যায় তা জানতে নদীতীর ঘেঁষে গড়ে ওঠা চারটি এলাকায় সভা করেছে। চিহ্নিত করেছে ডাকাতির স্থান।বৃহস্পতিবার প্রথম আলোতে ‘মেঘনায় সাত থানার জলসীমা, ১৭ দিনে ১৭ ট্রলারে ডাকাতি, ৩৬ লাখ টাকার পণ্য লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুলিশ এ উদ্যোগ নেয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মীর রেজাউল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) খন্দকার সায়িদ আহমেদ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির, কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার সাহা, বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম ও অষ্টগ্রাম থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান স্পিড বোট নিয়ে মেঘনা নদীতে যান। প্রায় ১৫ কিলোমিটার এলাকা ঘুরে থানাভিত্তিক জলসীমা নির্ধারণ করেন। বেলা ১১টার দিকে পুলিশের দলটি নদী তীরঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ডুবাজাল গ্রামবাসীর সঙ্গে কথা বলে। পরে সেখানে একটি সভাও করে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় এলাকাবাসী পুলিশকে নিশ্চিত করে মেঘনায় এখন অহরহ ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত দলের সদস্যরা মূলত নদী তীরঘেঁষা এলাকার বাসিন্দা। পরিস্থিতি এমন হয়েছে যে ডাকাত প্রতিরোধে এখন আর গ্রামবাসী এগিয়ে আসার সাহস করে না। কারণ, পরে ডাকাতেরা নানাভাবে হয়রানি করে। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তাদের কাছে টহল বাড়ানো ও আরও কয়েকটি পুলিশ ক্যাম্প করার কথা বলা হয়। এরপর পুলিশের দলটি বাজিতপুরের মাইজচর, আইনালগোক ও ভৈরবের মেন্দিপুরে সভা করে। মহরম মাঝি বলেন, ‘একসঙ্গে এত বড় বড় পুলিশ কর্মকর্তাদের কোনো দিন মেঘনা নদীতে দেখি নাই। তবে উদ্যোগটা থাইমা গেলে বিপদ আরও বাড়ব।’ ভৈরব বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘পুুলিশ সদস্যদের আজকের (বৃহস্পতিবার) ভূমিকায় আমরা সবাই উজ্জীবিত। তবে থেমে গেলে মেঘনায় আবার ডাকাতি বেড়ে যাবে।’ভৈরব থানার ওসি শাহজাহান কবির বলেন, ‘বৃহস্পতিবার কিশোরগঞ্জ পুলিশ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের বড় একটি দল দিনব্যাপী মেঘনা নদীতে সময় পার করেছে। আমরা বুঝতে চেষ্টা করেছি কীভাবে ডাকাতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া যায়। জনগণ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, কিছু উদ্যোগ আগে থেকে নেওয়া ছিল। কিছু উদ্যোগ বাড়ানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় করে ডাকাতি প্রতিরোধে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে।