মেঘনায় গোলাগুলিতে নিহতের ঘটনায় তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় মেঘনা নদীতে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। গত শনিবার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় এসব মামলা করেন। এ ছাড়া গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হন ডালিম সরকার (২৫) নামের এক ব্যক্তি। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমীচর ইউনিয়নের খালিয়াচর গ্রামে। পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে অভিযানের সময় সংঘর্ষে ডালিমের মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, সেখানে ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশের গুলিতে ডালিম নিহত হয়েছেন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন গতকাল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, শনিবার বেলা আড়াইটায় হোমনা থানার এএসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা নদীর শ্রীমদ্দি, লুটিয়া ও আশপাশের এলাকায় নৌ টহল দিচ্ছিল। শ্রীমদ্দি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। ওই সময়ে পুলিশ মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের রবিউল ইসলাম (২৮) ও মো. জুয়েলকে (২৬) আটক করে।
ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। পরে ডাকাতেরা পালিয়ে যায়। এই অভিযানে তিনটি এলজি, একটি পিস্তল, তিনটি গুলি, ১৪টি কার্তুজ, সাতটি ককটেল, তিনটি রামদা, একটি বড় ছুরি, তিনটি স্পিডবোট, ২০টি লাইফ জ্যাকেট, চারটি হেলমেট উদ্ধার করা হয়েছে। পরে খবর পাওয়া গেছে, সংঘর্ষে ডালিম সরকার মারা গেছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন, তা বলতে পারছি না। পুলিশ হোমনা উপজেলার মধ্যেই ছিল। অন্য কোনো উপজেলায় যায়নি। এ ঘটনায় এএসআই বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ডালিম সরকারের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘হোমনা এলাকার কয়েক ব্যক্তি আমার ডিকচর মহাল থেকে বালু তুলছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই হামলা হয়। এখানে ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশের গুলিতে ডালিম নিহত হয়েছেন।’