মেঘনায় চলছে নির্বিচারে চিংড়ির পোনা শিকার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী ও সংযোগ খালে এখন চলছে চিংড়ির পোনা শিকারের ভরা মৌসুম। অন্য মাছের পোনা ও ডিম নষ্ট করে প্রশাসনের নাকের ডগা দিয়ে এ কাজ করে যাচ্ছেন মেঘনাপারের হাজার হাজার জেলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এভাবে চিংড়ির পোনা ধরা চলতে থাকলে বিভিন্ন প্রজাতির মাছের বৈচিত্র্য হারিয়ে মেঘনা একসময় মৎস্যশূন্য হয়ে পড়বে।রায়পুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চৈত্র থেকে জৈষ্ঠ্য মাস পর্যন্ত মেঘনাপারের প্রায় ১০ হাজার জেলে চিংড়ির পোনা সংগ্রহ করে থাকেন। নিষিদ্ধ হলেও প্রতি মৌসুমে ১৫০ কোটি টাকার গলদা চিংড়ির পোনা ধরা হয় এখানে। পোনা কেনার জন্য যশোর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে প্রতিদিন ব্যবসায়ীরা মেঘনা উপকূলে ভিড় জমান। দ্রুত বড় হওয়ায় মেঘনার চিংড়ির পোনার কদর খুব বেশি।মেঘনার চাঁদপুরের হাইমচর থেকে রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় গলদা চিংড়ির পোনার অবাধ বিচরণক্ষেত্র।মেঘনাপারের জেলে জাকির হোসেন, আবদুল করিম ও রহিম জানান, একজন জেলে প্রতিদিন ১০০ থেকে দুই হাজার পোনা ধরতে পারেন। দেশের বিভিন্ন স্থানে যায় এসব পোনা। প্রতি মৌসুমে মেঘনাপারের গলদা চিংড়ির শিকারিদের পকেট জমজমাট থাকে, মুখে থাকে হাসি।জানা গেছে, চিংড়ির চাষে মেঘনা নদীর গলদা চিংড়ির পোনার ব্যাপক চাহিদা রয়েছে। এ পোনাগুলো তিন-চার মাসের মধ্যেই বিক্রির উপযুক্ত হয়ে যায়। এতে চিংড়ির চাষিরা অল্প সময়ে বেশি লাভবান হন।১০ বছর ধরে চিংড়ির পোনার ব্যবসার সঙ্গে জড়িত মিজানুর রহমান। তিনি জানান, মেঘনা নদীর গলদা চিংড়ির পোনা অল্প সময়ে বড় হয়ে যায়। এ জন্য চিংড়িঘের মালিকদের কাছে মেঘনার পোনার কদর বেশি। প্রতি মৌসুমে এখানে প্রায় ১৫০ কোটি টাকার গলদা চিংড়ির পোনা বিক্রি হয়।পোনা সংগ্রহ করার জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। এ ব্যবসাকে ঘিরে নদীর পাড়ে হাজীমারা, পানিরঘাট, নতুন ব্রিজ, বালুরচর ও মেঘনার বাজারে প্রতিদিন হাট বসে। ব্যবসায়ীরা জেলেদের কাছ থেকে প্রতিটি পোনা এক থেকে দেড় টাকা দরে কিনেন। তাঁরা ড্রাম ও বড় পাতিল ভর্তি করে দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে চিংড়িঘের মালিকদের কাছে প্রতিটি পোনা বিক্রি করেন দুই থেকে আড়াই টাকায়। চরবংশী গ্রামের জেলে ইমান হক মাঝি বলেন, ‘সৌদি আরবে আছে সোনা, আর আমগো মেঘনা নদীতে আছে গলদা চিংড়ির পোনা। এ পোনার কারণে আমগো জেলেদের বাইগ (ভাগ্য) খুলি গেছে।’উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মশারির জাল দিয়ে নদীর পানি ছেঁকে গলদা চিংড়ির পোনা ধরা হয়। এসব পোনা ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিম মশারিতে উঠে আসে। চিংড়ির পোনা বাছাইয়ের পর সময়ই অন্য মাছের ডিম ও পোনা নষ্ট হয়ে যায়। এভাবে পোনা নিধন অব্যাহত থাকলে বিভিন্ন প্রজাতির মাছের বৈচিত্র্য হারিয়ে মেঘনা নদী মাছশূন্য হওয়ার আশঙ্কা দেখা দেবে।গলদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও থেমে নেই পোনা ধরা। অবাধে এ পোনা নিধন চললেও প্রশাসন এ জন্য এখনো অভিযান চালায়নি। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, গলদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। পোনা নিধন প্রতিরোধে মেঘনায় অভিযান চালানো হবে।