মেঘনায় চাঁদাবাজি প্রতিবাদে নৌ-চলাচল বন্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির প্রতিবাদে মালিক ও শ্রমিকেরা এক সপ্তাহ ধরে নৌযান চলাচল বন্ধ রেখেছেন। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ নামধারী নেতা-কর্মীরা প্রতিটি নৌযান থেকে দিনে ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন।
মেঘনায় চলাচলকারী বিভিন্ন নৌযানের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে সিলেট, সুনামগঞ্জ, চাঁদপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় পাথর, বালু, কয়লা, সিমেন্ট, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ও অন্যান্য মালামাল কার্গো জাহাজ ও ট্রলারে করে পরিবহন করা হয়। এক বছর ধরে সোনারগাঁর ঝাউচর, বৈদ্যেরবাজার ও চর কিশোরগঞ্জ এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নামে প্রতিটি নৌযান থামিয়ে ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে মাঝনদীতে ফেলে দেয় এবং মালামাল লুট করে।
মা বাল্কহেড নামের নৌযানের মালিক আবদুল্লাহ মিয়া জানান, সোনারগাঁর মেঘনা সেতুর কাছে ঝাউচর ও বৈদ্যেরবাজার এলাকায় নৌযান থামিয়ে জাকির হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী চাঁদা আদায় করেন। চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদাবাজি করেন শম্ভুপুরা ইউপির সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন।
জাকির হোসেন বলেন, ‘আমি সরকারের কাছ থেকে মেঘনা ঘাট ইজারা এনেছি। আমার লোকজন রসিদের মাধ্যমে নৌযান থেকে টোল আদায় করেন।’ ঘাট ইজারা নিয়ে মাঝনদীতে নৌযান থামিয়ে চাঁদাবাজির কারণ জানতে চাইলে জাকির বলেন, ‘নৌযান শ্রমিকেরা খুশি হয়েই আমাদের চাঁদা দেন।’
নাছির উদ্দিন দাবি করেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। আমার লোকজন আমাকে না জানিয়ে এসব করতে পারেন।’
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, ‘জাকির হোসেন ও নাছির উদ্দিনের লোকজন আওয়ামী লীগের নামে অন্যায়ভাবে চাঁদা নেয়।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া জানান, নদীতে যারা চাঁদাবাজি করছে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।