মেঘনায় জাল পাতায় হামলা, আহত ২৩
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে আওয়ামী লীগ-সমর্থকদের নির্ধারিত সীমানায় জাল পেতে মাছ ধরায় তাঁদের লোকজনের হামলায় অন্তত ২৩ জন জেলে আহত হয়েছেন৷ গতকাল মঙ্গলবার সকালে নদীর দুটি পৃথক স্থানে ওই হামলার ঘটনা ঘটে৷ আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর সাতজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
চিকিৎসাধীন জেলেরা জানান, সকাল সাতটার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ও কাচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদীতে ফারুক ব্যাপারীর জেলেরা মাছ শিকারের জন্য জাল পাতেন৷ কিছুক্ষণ পর কাচিয়ার শামীম মুরাদারের জেলেরা নদীর ওই স্থান তাঁদের জন্য নির্ধারিত দাবি করে লাঠিসোঁটা নিয়ে ফারুক ব্যাপারীর জেলেদের ওপর হামলা চালান৷ এতে কমপক্ষে ১৭ জন আহত হন৷
জেলেরা আরও জানান, শামীম মুরাদার ও ফারুক ব্যাপারী দুজনই দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নিকটাত্মীয় হওয়ায় তাঁদের জেলেরা নদীতে প্রায়ই ত্রাস সৃষ্টি করছেন৷
হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে শামীম মুরাদার দাবি করেন, ফারুক ব্যাপারীর লোকজনই তাঁর ১৫ জেলেকে আটকে রেখেছেন৷
একই সময় উপজেলার ধনিয়া বরাবর মেঘনা নদীতে জাল পেতে মাছ ধরছিলেন নাছির মাঝি ঘাটের মফিজুল ইসলামের জেলেরা৷ হঠাৎ শিবপুর ইউপির সাবেক সদস্য মাইনুদ্দিনের জেলেরা হামলা চালান৷ এতে আট জেলে আহত হন৷
মাইনুদ্দিন দাবি করেন, তাঁর জেলেরা হামলা চালাননি৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বির আলী বলেন, ‘জেলেদের ওপর হামলার ঘটনা শুনেছি৷ তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি৷’