মেঘনায় জাহাজে ডাকাতি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর পাতারচর বয়ার কাছে গত সোমবার গভীর রাতে এমভি ইউসুফ-আরাফাত-২ নামের একটি মালবাহী জাহাজে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে জাহাজের লোকজনকে মারধর করে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।ওই সময় ডাকাতদের মারধরে জাহাজের মাস্টার তোফাজ্জল হোসেন, চালক মো. শেখ ফরিদ, সুকানি মো. মোস্তফা, লস্কর মো. নোমান উদ্দিন ও গ্রিজার আবদুজ ছবুরসহ ১০ জন আহত হন।মো. শেখ ফরিদ জানান, চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার বোঝাই করে ঢাকা যাওয়ার পথে গত রোববার সকালে তাঁদের জাহাজটি পাতারচর বয়ার কাছে ডুবুচরে আটকে যায়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত (জলদস্যু) ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলার নিয়ে তাঁদের জাহাজে হানা দেয়। ডাকাতেরা আগ্নেয়াস্ত্রের মুখে জাহাজের লোকজনকে জিমিঞ্চ করে এবং বেধড়ক মারধর করে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।