মেঘনায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মেঘনা মোহনায় মালবাহী জাহাজের ধাক্কায় একটি ট্রলার ২০ হাজার ইট নিয়ে ডুবে গেছে। আজ সোমবার সকাল আটটায় শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এমভি সানমুন নামক মালবাহী জাহাজটি আঁখি পরিবহন নামের ওই ট্রলারকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এ সময় আশপাশ থেকে ইঞ্জিনচালিত চারটি নৌকার মাঝিরা ছুটে এসে নিমজ্জিত ট্রলারের তিন আরোহীকে উদ্ধার করেন। আহত ব্যক্তিরা হলেন হানিফ ব্যাপারী (৬০), স্বপন (৪৫) ও আরিফ (৩০)। স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী তাছির ব্যাপারী ও ট্রলার মালিক মিজান মোল্লা জানান, মুন্সিগঞ্জের পঞ্চবটি থেকে মাহী এন্টারপ্রাইজের ২০ হাজার ইট নিয়ে ট্রলারটি চাঁদপুর শহরের দিকে আসছিল। শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে ডাকাতিয়া নদীতে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এমভি সানমুন নামের জাহাজের ধাক্কায় ইটবোঝাই ট্রলারটি মেঘনায় তলিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইট-বালু ব্যবসায়ী মিজান মোল্লা নৌ-পুলিশ চাঁদপুর সদর থানায় জিডি করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তাঁর দেড় লাখ টাকার ইট এবং কয়েক লাখ টাকা মূল্যের ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌ-পুলিশের এসআই আবুল হোসেন এর সত্যতা স্বীকার করেন।