মেঘনায় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল শনিবার ভোররাতে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫ জেলে আহত হয়েছেন। স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল মাসে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রমে জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ। তবে জেলেরা তা মানছেন না। গভীর রাতে তাঁরা বেহুন্দি ও কারেন্ট জাল ফেলে জাটকা ইলিশসহ নানা রকমের মাছ ধরছেন। ইলিশ মাছ ধরা নিয়েই গতকালে ভোরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ বাধে। রামগতি উপজেলার আলেকজান্ডার সেন্টার খাল মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামছু হাওলাদার জানান, ঘটনার সময় রামগতির মাছঘাটের হেলাল বেপারীর আড়তের ১৫ জন জেলে ট্রলার নিয়ে চর গজারিয়ার অদূরে মেঘনা নদীতে বেহুন্দি জাল ফেলে মাছ ধরছিলেন। একই সময়ে সেখানে কারেন্ট জাল ফেলে মাছ ধরছিলেন চর গজারিয়ার কিছু জেলে। একই জায়গায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রামগতি মাছঘাটের খোকন জলদাস, বিকাশ জলদাস, গোবিন্দ জলদাস, মো. ফজলু, শামীম, মেহরাজ ও নিজামসহ ১৫ জেলে আহত হন। একপর্যায়ে নিজেদের ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রামগতি মাছঘাটের আহত জেলেরা। এ সময় চর গজারিয়ার জেলেরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা সেন্টার খাল ঘাটের জেলেরা ডাকাত সন্দেহে রামগতি মাছঘাটের ওই জেলেদের আটক করে ঘাটে নিয়ে যান। পরে সকালে সালিসের মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়।রামগতি মাছঘাটের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, তাঁকে না জানিয়েই তাঁর আড়তের জেলেরা ট্রলার নিয়ে নিষিদ্ধ সময়ে মেঘনায় মাছ ধরতে যান। সেখানে চর গজারিয়া ও সেন্টার খাল ঘাটের জেলেদের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে ওই সংঘর্ষ হয়। শনিবার সকালে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে তিনি আটক জেলেদের উদ্ধার করে নিয়ে যান। নিষিদ্ধ সময়ে জেলেদের মাছ ধরার বিষয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার মো. কবীর হোসেন বলেন, ইঞ্জিনচালিত একটি ট্রলার দিয়ে ছয়-সাতজনের একটি টহল দলের পক্ষে বিশাল নদীর পুরো এলাকায় টহল দেওয়া সম্ভব হয় না। এ ছাড়া টহল দল ও তাদের অস্ত্রের নিরাপত্তার বিষয়টিও ভাবতে হয়। এ কারণে সুনির্দিষ্ট তথ্য ছাড়া রাতে অভিযান চালানো হয় না।