মেঘনায় ট্যাংকারের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, আহত ২০
চাঁদপুরের মোহনপুর এলাকার মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
লঞ্চ কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৫০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল লঞ্চ এমভি সোনারতরী-১। আজ বেলা ১১টায় এটি চাঁদপুরের মোহনপুর এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জগামী একটি দ্রুতগতির তেলবাহী ট্যাংকারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় লঞ্চের ২০ যাত্রী আহত হন। তবে অল্পের জন্য লঞ্চটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। দুপুর পৌনে ১২টার দিকে আহত যাত্রীদের নিয়ে চাঁদপুর ঘাটে পৌঁছায় এমভি সোনারতরী-১। আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
লঞ্চের কর্মচারী মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জগামী ট্যাংকারটি ইচ্ছাকৃতভাবে লঞ্চটিকে আঘাত করেছে। এতে লঞ্চের ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার পর তেলবাহী ট্যাংকারটি নিয়ে চালক পালিয়ে যান। ঘন কুয়াশার কারণে ট্যাংকারটির হদিস পাওয়া যায়নি।
চাঁদপুরের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহিদ হোসেন বলেন, লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি তাঁদের অবগত করেছে। ঘটনাটি তাঁরা তদন্ত করছেন। ক্ষতিগ্রস্ত লঞ্চটি বর্তমানে চাঁদপুর ঘাটে অবস্থান করছে।