মেঘনায় ট্রলার ছিনতাই করে দেড় শ মণ ইলিশ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে একটি ট্রলারে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেড় শ মণ ইলিশ লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। রামগতি চ্যানেল থেকে গত শুক্রবার এফবি ছিদ্দিক নামের একটি পরিবহন ট্রলার থেকে এসব মাছ লুট হয়। জানা গেছে, নোয়াখালীর হাতিয়া থেকে দেড় শ মণ ইলিশ বোঝাই করে চাঁদপুর ঘাটে যাওয়ার পথে ট্রলারটি জলদস্যুর কবলে পড়ে।হাতিয়া উপজেলার সূর্যমুখী এলাকার মাছ ব্যবসায়ী ও লুট হওয়া মাছের মালিক মো. সেলিম বেপারি গতকাল প্রথম আলোকে বলেন, এফবি ছিদ্দিক নামের ভাড়া করা ট্রলারে করে তাঁর আটজন কর্মচারী শুক্রবার সকালে চাঁদপুরের উদ্দেশে হাতিয়া ঘাট থেকে ছেড়ে যায়।ওই দিন দুপুরে মেঘনা নদীর রামগতি চ্যানেলে পৌঁছালে জলদস্যুরা ট্রলারটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং অস্ত্রের মুখে আট কর্মচারীকে ট্রলারের কেবিনে বেঁধে রাখে। পরে তারা ট্রলারটি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় নিয়ে রাতে সেটি নোঙর করে এবং মাছগুলো অন্য ট্রলারে তুলে নিয়ে যায়। তিনি জানান, সেখানে কয়েক ঘণ্টা আটকে রাখার পর জলদস্যুরা শুক্রবার দিবাগত গভীর রাতে ট্রলারসহ আট কর্মচারীকে ছেড়ে দেয়। মুক্তি পাওয়ার পর কর্মচারীরা তাঁকে এ ঘটনা ফোন করে জানান। কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার মো. আবদুর রশিদ বলেন, ঘটনাটি জানার পর মেঘনা নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।