মেঘনায় ট্রলার ডুবি: আরও পাঁচটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ রোববার আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে ১৬ জনের লাশ উদ্ধার করা হলো।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় লোকজনের সহযোগিতায় সোনারগাঁ থানা-পুলিশ চরকিশোরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করে। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনেরা।

উদ্ধার হওয়া পাঁচটি লাশের পরিচয় মিলেছে। তাঁরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের সদর আলীর ছেলে বাবুল হোসেন (৪৫), একই জেলার মেঘনা থানার জলারপাড় গ্রামের আবদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৩), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার জাঙ্গালিয়া গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে কামাল হাওলাদার (২২), গাজীপুর জেলার শ্রীপুর থানার ধুমবাড়িরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও ঢাকার বাড্ডা থানার মেরুল এলাকার সুধাংশু দাসের ছেলে দেবদাস (৩০)।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রামপুরা থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলার চাঁদপুরের মতলব উপজেলার বেলতলী গ্রামের সোলায়মান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ট্রলারটিতে ৯০ জন যাত্রী ছিল। ট্রলারটি চরকিশোরগঞ্জে এলে বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ে ডুবে যায়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, চরকিশোরগঞ্জ ও আশপাশের এলাকায় মেঘনা নদীতে আজ সকালে চারজন ও দুপরে একজনের লাশ ভাসতে দেখে তা উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন বলে স্বজনেরা দাবি করছেন। তাই তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, মেঘনা নদীতে আজ আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি অনুযায়ী নিখোঁজদের উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।