মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চালকসহ ১৫ যাত্রী নিখোঁজ রয়েছে। উপজেলার বরজালিয়া ইউনিয়নের উত্তর বাউইশ্যা এলাকায় গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এম শহীদ নামের ওই ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধারকাজ অব্যাহত ছিল।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যাত্রীবাহী লঞ্চ এম ভি কিং সম্রাটের সঙ্গে ধাক্কা লেগে এম শহীদ নিমজ্জিত হয়। ডুবোচরের কারণে হিজলা ঘাটে ঢাকাগামী লঞ্চ নোঙর করতে না পারায় যাত্রীদের লঞ্চে তুলে দেওয়ার জন্য স্থানীয় ট্রলার ব্যবহার করা হয়। গতকাল সন্ধ্যায় খাসেরহাট থেকে ঢাকাগামী লঞ্চ এম ভি কিং সম্রাটে যাত্রী তুলে দেওয়ার জন্য প্রায় ৫০ জন যাত্রী নিয়ে হিজলা ঘাটের দিকে যাত্রা করে এম ভি শহীদ। পথে কিং সম্রাটের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়।অন্ধকারের মধ্যে লঞ্চের আচমকা ধাক্কায় ট্রলারটি ডুবে যায় বলে জানান ট্রলারের মাঝি মো. শহীদুল ইসলাম। বরজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মামুন জমাদ্দার বলেন, স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছে।