মেঘনায় ট্রলারডুবি, আরও ৫ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রলারডুবির পর এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হলো। আরও আটজন নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থল থেকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা থেকে চাঁদপুরের মতলব উপজেলার বেলতলি গ্রামের পীর সোলায়মান শাহ ওরফে লেংটার মেলায় যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী ও বৈরী আবহাওয়ায় নদীতে প্রচণ্ড ঢেউয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনের লাশ উদ্ধার করা হয়। আজ দুপুরে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। এঁরা হলেন রাজধানীর রামপুরার সফিক মিয়ার স্ত্রী শাফিয়া বেগম (৪৫), তাঁর মেয়ে রুবিনা আক্তার (৩০), সাইদুর রহমানের স্ত্রী রানু আক্তার (৩২), শান্তা আক্তার (২৮) ও জয়বুন নেছা (৬৫)।

শাহীনুর ইসলাম আরও জানান, নিখোঁজ অপর যাত্রী ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারকাজ চালাচ্ছে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।