মেঘনায় ট্রলারডুবি, দুই জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন চর আব্দুল্লাহর অদূরে মেঘনা নদীতে গতকাল সোমবার গভীর রাতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার চারটি ট্রলার ডুবে গেছে। ওই ঘটনায় দুই জেলে নিহত হয়েছেন এবং এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিহত জেলেরা হচ্ছেন চর আলেকজান্ডার ইউনিয়নের শ্যামলগ্রামের শামছুল হকের ছেলে মো. নুরনবী (৩৫), চর ডাক্তার এলাকার মো. হারুনের ছেলে মো. বাগন আলী (২০)। নিখোঁজ রয়েছেন চর ডাক্তার এলাকার মো. মোস্তফার ছেলে মো. হেলাল উদ্দিন (২১)।

চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ উল্লাহ জানান, চর আবদুল্লাহর অদূরে মেঘনা নদীতে ২০ থেকে ২৫টা মাছ ধরার ট্রলার নোঙর করা অবস্থায় ছিল। দিবাগত রাত আড়াইটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ৩০ জন জেলেসহ মো. আলাউদ্দিন মাঝি, মো. আওলাদ হোসেন মাঝি, মো. মোসলেহ উদ্দিন মাঝি ও মো. মাহে আলম মাঝির ট্রলার ডুবে যায়। এর মধ্যে আওলাদ হোসেন মাঝির ট্রলারের মালিক নুরনবী মাঝি ও মাহে আলম মাঝির ট্রলারের জেলে মো. বাগন আলী নিহত হন। আজ মঙ্গলবার সকালে একটি জালে জড়ানো অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আওলাদ মাঝির ট্রলারের জেলে মো. হেলাল উদ্দিন নিখোঁজ রয়েছেন। তবে অপর জেলেরা সাঁতরে অন্যান্য ট্রলারে উঠতে সক্ষম হন।

রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, নিহত জেলেদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।