মেঘনায় ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার ঠেঙারচরের কাছে মেঘনা নদীতে গত শুক্রবার রাতে এমভি পারভিন নামের একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় নিখোঁজ তিন জেলের মধ্যে দুজনের লাশ গতকাল শনিবার উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
নিহত দুই জেলে হলেন হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা মো. আরিফ (২৮) ও আলাউদ্দিন (৩৫)। এ ঘটনায় একই এলাকার জেলে মো. মাছুম (২৭) নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার চেয়ারম্যানঘাট থেকে ১৬ জন জেলে এমভি পারভিন নামের মাছ ধরার ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। গত শুক্রবার রাত আটটার দিকে তাঁরা মাছ ধরে ফেরার পথে ঠেঙারচরের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েন। এ সময় ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়।
সূত্র জানায়, ডুবে যাওয়া ট্রলারের ১৬ জন জেলের মধ্যে ১৩ জন অন্য মাছ ধরার ট্রলারের জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। গতকাল সকাল ১০টার দিকে দুজনের লাশ নদীতে ভেসে উঠে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।