মেঘনায় ট্রলারডুবি, দুই জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেংগারচরের কাছে মেঘনা নদীতে গত রোববার রাতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়।
এতে ট্রলারটির দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে।
ডুবে মারা যাওয়া দুই জেলে হলেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর এলাকার মো. শাহরাজ (৩৫) ও নুরুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জেলে জানান, রোববার রাত নয়টার দিকে ওই ট্রলারে করে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ ঝড়ে ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়। এ সময় ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। বাকিরা সাঁতরে অন্য ট্রলার ও তীরে উঠতে পারলেও শাহরাজ ও নুরুল ইসলাম ডুবে যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, গতকাল ভোরে পুলিশ জেলেদের সহায়তায় নদী থেকে লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।