মেঘনায় ট্রলারডুবি, নিহত ১
চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় মেঘনা নদীতে লবণবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে মো. এরশাদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লবণবোঝাই ট্রলারটি কুতুবদিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ট্রলারটি উপজেলার গাজীপুর এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ট্রলারে ১০ জন আরোহী ছিলেন।
ওসি মো. মনিরুজ্জামান আরও জানান, স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এরশাদ নিহত হন। তাঁর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলারের খোঁজ পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপপরিচালক মোবারক হোসেন বলেন, ‘এই মাত্র (দুপুর সাড়ে ১২টা) দুর্ঘটনার খবর পেলাম। এখন ট্রলারটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।’