মেঘনায় ট্রলারডুবি লাশের সংখ্যা বেড়ে ৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল রোববার স্থানীয় জেলেরা আরও চারটি লাশ উদ্ধার করেছেন। এ নিয়ে নয়জনের লাশ উদ্ধার করা হলো। এদিকে এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে বিশনন্দী গ্রামের মেঘনা নদীর বিভিন্ন স্থানে চারটি লাশ ভেসে ওঠে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো—আড়াইহাজার উপজেলার দড়ি বিশনন্দী গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী পারুল বেগম (৪০), একই গ্রামের হারুন চৌকিদারের মেয়ে শরিফা আক্তার (১২), উপজেলার রামচন্দ্রদি গ্রামের ইজ্জত আলী (৭০) ও গাজীপুরের টঙ্গী এলাকার মো. হানিফ গাজীর মেয়ে শিমলা (৮)। এর আগে শুক্র ও শনিবার তিন নারী ও অজ্ঞাত শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসীর দাবি, আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামের শফি মিয়ার মেয়ে সানজিদা ও একই গ্রামের রুহুল আমিনের মেয়ে লিপি এখনো নিখোঁজ রয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, রোববার চারটি লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন জানান, লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিশনন্দী গ্রামে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ট্রলারকে বালুবাহী একটি নৌযান ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।