মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার দুদিন পর নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

ওই চারজন হলেন উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল হক, ফরিদ মিয়া, মেহেরনগর গ্রামের খলিল মিয়া ও বাহেরচর গ্রামের আনোয়ার ফরাজী। তাঁরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে অন্তত আড়াই কিলোমিটার দূরে মেঘনা নদীর নিলক্ষা এলাকা থেকে ডুবুরিরা ওই চারজনের লাশ উদ্ধার করেন। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপমহাব্যবস্থাপক কাজী নাজমুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে ঢাকা থেকে আসা ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। লাশগুলো স্রোতে দূরে চলে যাওয়ায় রাতে খোঁজ পাওয়া যায়নি। সকালে লাশগুলো ভেসে উঠায় তা উদ্ধার করা হয়। পরে সকাল আটটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেহান উদ্দিন, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অনুদান হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়।
গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর আনন্দবাজারের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে গরুবাহী একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২০ জন গরু ব্যবসায়ীর মধ্যে ১৬ জন সাঁতরে তীরে উঠে আসেন। চারজন নিখোঁজ হন। এতে ১৫টি গরু মারা যায়। আজ ওই নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হলো।