মেঘনায় ডুবন্ত বলগেটের ওপর লঞ্চ, অল্পের জন্য যাত্রীদের রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ষাটনল এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার দুপুরে ডুবন্ত বলগেটের ওপর উঠে যায় যাত্রীবোঝাই লঞ্চ নিউ আল-বোরাক। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাণে রক্ষা পেয়েছে লঞ্চে থাকা শত শত যাত্রী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে চারটা) লঞ্চটির যাত্রীদের অন্যান্য লঞ্চের মাধ্যমে উদ্ধার করা হলেও দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধার করা যায়নি। চাঁদপুর বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড সূত্র জানায়, ঢাকাগামী লঞ্চ নিউ আল-বোরাক গতকাল সকাল সাড়ে নয়টায় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার পর দুপুর পৌনে ১২টার দিকে ষাটনল এলাকা পার হওয়ার সময় একটি ডুবন্ত বলগেটের ওপর উঠে গিয়ে তাতে আটকে যায়। এ সময় লঞ্চটি একদিকে কাত হয়ে গেলে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য লঞ্চের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করা হয়। লঞ্চের সুপারভাইজার বিপ্লব সরকার জানান, ষাটনল লঞ্চঘাট এলাকায় বালুবোঝাই একটি বলগেট রাতের ঝড়ে ডুবে যাওয়ায় তাঁদের লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। লঞ্চে আটকা পড়া যাত্রীদের বেলা দুইটার পর তিনটি লঞ্চের সাহায্যে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, ডুবন্ত বলগেটের কাছে কোনো বিপদসংকেত না থাকায় এ অবস্থার সৃষ্টি হলেও আল-বোরাক লঞ্চটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। লঞ্চের মালিক বেনজির আহমেদ বলেন, লঞ্চের তলা ফেটে গেলে এটি যাত্রীসহ মেঘনায় ডুবে যেত।