মেঘনায় ডুবে গেছে কার্গো জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার কেরিংচরের পাশে মেঘনায় আজ রোববার সকালে মালবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাতিয়ার নলচিরার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের রওনা হয়েছেন।

ডুবে যাওয়ার এ ঘটনার প্রত্যক্ষদর্শী সি-ট্রাকের যাত্রী বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে তিনি সি-ট্রাকে করে হাতিয়া যাচ্ছিলেন। পথে কার্গো জাহাজটিকে তিনি ডুবে যেতে দেখেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা জাহাজটি কোন জায়গা থেকে কোথায় যাচ্ছিল, তা জানা যায়নি।

জানতে চাইলে কার্গো জাহাজডুবির বিষয়টি শুনেছেন বলে উল্লেখ করেন নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

অপর দিকে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের একটি দলও বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।