মেঘনায় ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেঘনা নদীতে ডুবে নুরজাহান বেগম (৪) ও হালিমা আক্তার (৩) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কাউরিয়াপাড়া এলাকায় বাউল ডাক্তারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা কাউরিয়াপাড়া এলাকার জামান মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহত শিশুদের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুরে নুরজাহান ও হালিমা মেঘনা নদীর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে নদী থেকে কচুরিপানা আনতে হালিমা পানিতে নামে। সেখানে সে তলিয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে নুরজাহানও পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে একজনের লাশ ভেসে ওঠে। তল্লাশি চালিয়ে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিশুদের মামা শামিম মিয়া বলেন, খেলতে গিয়ে তারা নদীতে ডুবে গেছে। পরিবারে তারা দুই বোনই ছিল।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আপত্তি থাকায় জেলা প্রশাসকের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।