মেঘনায় ডুবোচর, ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনায় ডুবোচরের কারণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দীতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে আড়াইহাজার ও রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে ২০১০ সালের ২৭ আগস্ট কড়িকান্দি-বিষনন্দী এলাকায় মেঘনা নদীতে ফেরি চালু করা হয়। বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, অটোরিকশাসহ শত শত যান এ ফেরি দিয়ে পারাপার হয়। এসব যানবাহনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, কুমিল্লার হোমনা, মুরাদনগর উপজেলার হাজারো যাত্রী রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। কিন্তু কড়িকান্দি-বিষনন্দীতে ফেরি চলাচলের পথে মেঘনা নদীতে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফেরি প্রায়ই এসব চরে আটকে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কড়িকান্দি ঘাটের প্রায় ১০০ মিটার পশ্চিমে একটি ডুবোচরে ইটভর্তি একটি নৌকা আটকে রয়েছে। নৌকার চালক মহসিন মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে ইট নিয়ে বাঞ্ছারামপুরের ফেরিঘাটের পাশে নামানোর কথা। কিন্তু দুপুরে ডুবোচরে নৌকা আটকে যায়। বিকেলেও ছাড়ানো যায়নি। চরটি প্রায় আধা বর্গকিলোমিটার হবে।
ফেরির চালক আবদুল মান্নান বলেন, দিনের বেলায় একটু পথ ঘুরে হলেও ফেরি চালানো যায়। কিন্তু ডুবোচরটি ঘাটের অত্যন্ত কাছে হওয়ায় রাতে প্রায়ই তাতে ফেরি আটকে যায়। তখন দুর্ভোগের সীমা থাকে না।
ফেরির ইজারাদার মেসার্স আতিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহাবুল হক বলেন, মেঘনা নদীতে ডুবোচর থাকায় ফেরি চালাতে সমস্যা হচ্ছে। ডুবোচর শিগগিরই খনন করা দরকার। তা না হলে ফেরি চলাচল একসময় বন্ধ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই ব্যবস্থা নিতে তিনি নারায়ণগঞ্জ সওজ অধিদপ্তর বরাবর ২০ ফেব্রুয়ারি আবেদন করেছেন।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য সওজ অধিদপ্তর, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া গেছে।