মেঘনায় তিন ঘণ্টা আটকা পড়েছিল লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর থেকে বরিশালে যাওয়ার পথে হাজারো যাত্রী নিয়ে মেঘনার নদীর চরে আটকা পড়েছিল একটি লঞ্চ। তবে তিন ঘণ্টার ব্যবধানে লঞ্চটি মুক্ত হয়।

চাঁদুপর লঞ্চঘাট সূত্র জানায়, লঞ্চের বেশির ভাগ যাত্রী চট্টগ্রাম ও সিলেট থেকে আসা। তাঁরা ট্রেনে করে চাঁদপুর এসেছেন। কিন্তু বরিশালের নির্ধারিত লঞ্চ না পাওয়ায় তারা চাঁদপুর-ঢাকা রুটের এমভি তুতুল নামের লঞ্চটি ভাড়া করে। ভোর সাড়ে চারটার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। সকাল নয়টার দিকে লঞ্চটি চাঁদপুরের চর ভৈরবীর পর একটি চরে আটকা পড়ে।

চাঁদুপর নৌ পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন জানান, লঞ্চটির ধারণ ক্ষমতা ৭০০ জন। পরে নৌ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে করে তিন শতাধিক যাত্রীকে নামিয়ে নিয়ে আসে। এতে লঞ্চটি হালকা হলে ফের পানিতে ভেসে ওঠে। দুপুর সাড়ে ১২টায় লঞ্চটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।