মেঘনায় তিন দিনে ছয় ট্রলারে ডাকাতি
মেঘনা নদীর কিশোরগঞ্জের ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল মোহনায় তিন দিনে (গত সোমবার থেকে বুধবার) ছয়টি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ কয়েক লাখ টাকা এবং আরও প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কমপক্ষে ৪৩ যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, হরতাল এলে নদীর টহলব্যবস্থা আর থাকে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নৌ-টহল প্রত্যাহার করে ওই পুলিশকে হরতালে দায়িত্ব পালন করানো হয়। ফলে হরতাল হলে নদীপথে ডাকাতি বেড়ে যায়। বুধবার সকালে ভৈরব থেকে অষ্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া তোতা মাঝির ট্রলারটি ডাকাতের কবলে পড়ে। সকাল সাতটার দিকে আশুগঞ্জের বিদ্যুেকন্দ্র এলাকা অতিক্রমের সময় অন্য একটি ট্রলার দিয়ে সাত-আটজনের ডাকাতদল ওই ট্রলারে হামলা চালায়। ডাকাতেরা তিন ড্রাম সয়াবিন তেল, সিগারেটসহ অন্যান্য পণ্য নিয়ে যায়। ওই ট্রলারের অপর মাঝি জুয়েল বলেন, ‘হরতালে টানের (ডাঙ্গা) মানুষের চেয়ে আমরার ভয় বেশি। হরতাল মানে নদী ফাঁকা। আর এই সুযোগে ডাকাতেরা যা খুশি তা করে। ডাকাতেরা ট্রলার থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।’ একই দিন দুপুরে ভৈরবের খলাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়। ট্রলারটি নেত্রকোনার কিষ্টপুর থেকে ভৈরব আসছিল। ওই ট্রলারের মাঝি জাহের মিয়া জানান, তাঁর ট্রলার থেকে নগদ টাকাসহ এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের হামলায় নয় যাত্রী আহত হন।
আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সরাইলের পানিশ্বর এলাকায় ‘জলতরি-১’ নামের একটি ট্রলারে ডাকাতি হয়। ট্রলারটি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ভৈরবের উদ্দেশে ছেড়ে আসে। মাঝি কুদ্দুস মিয়া জানান, ডাকাতেরা দুই লাখ টাকার মতো ডাকাতি করে এবং তাদের হামলায় ১২ যাত্রী আহত হয়েছেন। একই দিন একই স্থানে সন্ধ্যায় আক্তার মাঝির ট্রলার থেকে ৭০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতেরা। গত সোমবার ভৈরবের খলাপাড়া এলাকায় দুটি ট্রলারে ডাকাতি হয়। কিশোরগঞ্জের ইটনা থেকে ‘রুবিনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী ট্রলার বিকাল সাড়ে চারটার দিকে খলাপাড়া এলাকায় আসামাত্র ডাকাতের কবলে পড়ে। মাঝি হাকিম মিয়া জানান, মুঠোফোনসহ প্রায় এক লাখ টাকা ডাকাতি হয়েছে। যাত্রী আহত হয়েছেন ১৫ জন। একই দিন একই স্থানে এক ঘণ্টার ব্যবধানে ‘দিদার-৭’ নামে আরেকটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়। মাঝি সাইদুর রহমান জানান, ডাকাতেরা পিস্তল দেখিয়ে প্রথমে সবাইকে জিমিঞ্চ করে। এরপর দেড় লাখ টাকার মতো ডাকাতি করে। এ সময় ১০ যাত্রী আহত হন।